ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন বলেছেন, সেনা সদস্যরা প্রস্তুত আছে। নির্দেশ পাওয়া মাত্র তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে।ভার্জিনিয়ায় পেন্টাগনের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ড্যান কেইনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ড্যান বলেন, সেন্ট্রাল কমান্ডসহ যৌথ বাহিনীর বাকি অংশগুলো নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছে। শত্রুদের উচিত সংযমকে দুর্বলতা না ভাবা।পিট হেগসেথ বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে তারা যুদ্ধ করতে চান না। কিন্তু বাণিজ্যিক জাহাজে ইরানের যেকোনো হামলার জবাব হবে বিধ্বংসী। সাংবাদিকদের হেগসেথ বলেন, নিরপরাধ দেশ ও তাদের পণ্য পরিবহনে ইরান একটি আন্তর্জাতিক জলপথে কোনোভাবেই বাধা দিতে পারে না। কিন্তু যদি তারা মার্কিন সেনা কিংবা নিরপরাধ বাণিজ্যিক জাহাজে হামলা চালায় তাহলে চরম পরিণতির মুখোমুখি হবে।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচল নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর আওতায় জ্বালানিবাহী জাহাজগুলোকে পাহারা দেবে মার্কিন রণতরী।সোমবার প্রণালিতে কয়েকটি ইরানি নৌকা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। একইদিনে পারস্য উপসাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ তেল বন্দরে আগুন লাগে। এসব ঘটনা যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :