শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুর কোনো পথ নেই, আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে: লাপিদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৯:১০ পিএম

নেতানিয়াহুর কোনো পথ নেই, আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে: লাপিদ

ডেইলি খবর ডেস্ক: ইসরায়েলে ক্যামেরার আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে বলে ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। তিনি চেঞ্জ ব্লককে জয়ী ঘোষণার পাশাপাশি দাবি করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে আর কোনো পথ নেই।

ইয়ার লাপিদ চেঞ্জ ব্লকের শরিক টুগেদার পার্টির নেতা। শুক্রবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের ঠিক বিপরীত। এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে ও ক্যামেরার আড়ালে চলে।

ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, মানুষ অনিশ্চয়তা একেবারেই পছন্দ করে না। আপনারা যদি জানতে চান, এখন যে নীরবতা চলছে, সেটির আড়ালে কিছু ঘটছে কি না? তাহলে উত্তর হলো- হ্যাঁ।’

প্রাথমিক ফলাফল অনুযায়ী কোনো জোটই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপরও চেঞ্জ ব্লককে জয়ী ঘোষণার পেছনে নিজের ব্যাখ্যাও দিয়েছেন লাপিদ। তিনি লিখেছেন, নেতানিয়াহু জোট ৫৩টি আসন পেয়েছে। এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়। কারণ, এই ৫৩টির মধ্যে ১৩টি পেয়েছে জোটের জায়নবাদবিরোধী দলগুলো। ফলে নেতানিয়াহুর হাতে আছে ৪০টি আসন।

লাপিদ জায়নবাদবিরোধী বলতে অতি-কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (৭) ও শাসকে (৬) ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, নেতানিয়াহুর হাতে থাকা ওই ৪০টি আসনই সম্বল। যাই করুন না কেন, তাঁর সামনে সরকার গঠনের কোনো পথ নেই।

এরপর ইয়ার লাপিদ লিখেছেন, ‘এ হিসেবে আমরা জিতেছি। এটি নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। কিন্তু পয়েন্টও গণনা হয়। তাছাড়া, জয় তো জয়ই।’

একদিক থেকে দেখলে নেতানিয়াহু বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেয়েছে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টির চেয়ে বেশি। কিন্তু এর মধ্যে ১৯টি আরব ব্লকের দল রাআম (৮) ও জয়েন্ট লিস্টের (১১)। চেঞ্জ ব্লকের চার দল মিলে পেয়েছে ৪৮টি।

লাপিদের টুগেদার পার্টিসহ চেঞ্জ ব্লকের ইয়াশার ও ইসরায়েল বেইতেনু সরকার গঠনে আরব ব্লককে সঙ্গে নিতে অস্বীকৃতি জানিয়েছে। শুধু বামপন্থি দল ডেমোক্র্যাটস নমনীয়তা দেখিয়েছে। ফলে নেতানিয়াহু বিরোধীদের সম্মিলিত সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকার গঠন কঠিন হয়ে পড়েছে।

ইয়ার লাপিদ লিখেছেন, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে তাদের জোট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কাজটি কঠিন। সফল হওয়ারও নিশ্চয়তা নেই। তাই ইসরায়েলিদের কাছে এখন একটাই চাওয়া- আপনারা ধৈর্য ধরুন। সংগৃহীত ছবি, টাইমস অব ইসরায়েল

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!