বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে হামলা করলে যে ফাঁদে পড়তে পারে চীন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:০৩ এএম

তাইওয়ানে হামলা করলে যে ফাঁদে পড়তে পারে চীন

ডেইলি খবর ডেস্ক: চীনের সম্মুখসারির যুদ্ধবিমানগুলোতে উন্নত স্বল্পপাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত করার ঘটনায় তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা সামনে এসেছে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যদি চীনের প্রাথমিক দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করে টিকে থাকে এবং চীনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হয়ে যায়, তাহলে স্বল্পপাল্লার অস্ত্র নিয়ে কাছাকাছি যেতে বাধ্য হওয়া যুদ্ধবিমানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতাও এমনই ছিল।

চলতি মাসে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এমন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রাশিয়ার তৈরি খ-২৯টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের চীনা সংস্করণ প্রথমবারের মতো চেংদু জে-১০সি যুদ্ধবিমানে যুক্ত অবস্থায় দেখা গেছে।

চীন ২০০০-এর দশকের শুরুর দিকে রাশিয়া থেকে সু-৩০এমকেকের যুদ্ধবিমানের সঙ্গে প্রায় ২ হাজার খ-২৯টি ক্ষেপণাস্ত্র আমদানি করেছিল। সামরিক ব্লগারদের মতে, সম্প্রতি দেখা ক্ষেপণাস্ত্রটিতে চীনের নিজস্ব প্রযুক্তিতে উন্নত করা ইমেজিং ইনফ্রারেড সিকার যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে।

প্রায় ৬৮৫ কেজি ওজনের এ রকেটচালিত ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে ৩২০ কেজি ওজনের বর্মভেদী উচ্চবিস্ফোরক ওয়ারহেড। বাংকার, সেতু, রানওয়ে ও সমুদ্রপৃষ্ঠের জাহাজের মতো শক্তিশালী লক্ষ্যবস্তুতে ১০ থেকে ৩০ কিলোমিটার দূরত্বের মধ্যে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য এটি তৈরি করা হয়েছে।

এর আগে জেএইচ-৭এ ও জে-১৬ যুদ্ধবিমানে দেখা গেলেও এবার খ-২৯টি ক্ষেপণাস্ত্রটি যুক্ত করা হয়েছে ৪ দশমিক ৫ প্রজন্মের জে-১০সি যুদ্ধবিমানে। তাইওয়ানের আশপাশে নিয়মিত টহলে ব্যবহৃত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সবচেয়ে বেশি সংখ্যায় থাকা যুদ্ধবিমান পরিবারের সদস্য এটি। যুদ্ধবিমানটির ২০০ কিলোমিটার পাল্লার বেশি ব্যয়বহুল কেডি-৮৮ ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় খ-২৯টি কম খরচের বিকল্প।

তাইওয়ান প্রণালিতে সংঘাত শুরু হলে আদর্শ পরিস্থিতিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর হওয়ার পরই পরবর্তী দফার হামলায় এসব কম দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে জে-১০সি।

তবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এমন একটি স্পষ্ট দৃষ্টান্ত তৈরি করেছে, যেখানে দীর্ঘপাল্লার নিখুঁত হামলার অস্ত্রে বিপুল সুবিধা থাকা প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় করা সম্ভব। ওই সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক ব্যয়বহুল ও সহজে প্রতিস্থাপন করা যায় না, এমন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে। এতে অস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ মাসে প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক মূল্যায়নে দেখা গেছে, দূরপাল্লার স্থল হামলার অস্ত্রের ক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের মজুত করা ৯০টি প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) মধ্যে ৭০ থেকে ৯০টি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৪০০টি জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ড-অফ মিসাইলের (জেএএসএসএম) মধ্যে ১ হাজার ১০০টির বেশি এবং ৩ হাজার ১০০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১ হাজার ১০০টির বেশি ব্যবহার করা হয়েছে।

সিএসআইএসের মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ পিআরএসএমের মজুত আবার পূরণ করা সম্ভব হলেও জেএএসএসএমের মজুত পুনরুদ্ধারে ২০২৭ সালের মাঝামাঝি থেকে শেষভাগ পর্যন্ত সময় লাগবে। আর টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরতে ২০৩১ সালের শুরুর দিক পর্যন্ত সময় লাগতে পারে।

যুদ্ধ যত এগিয়েছে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত যত কমেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তত বেশি অবশিষ্ট দূরপাল্লার অস্ত্র সংরক্ষণে মনোযোগী হয়েছে। এ কারণে তারা জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম), স্মল ডায়ামিটার বোমা-১ (এসডিবি-১) এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রের মতো স্বল্পপাল্লার অস্ত্রের বড় মজুতের ওপর নির্ভরতা বাড়িয়েছে।

সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১ লাখ ৬০ হাজার জেডিএএম, প্রায় ২০ হাজার এসডিবি-১ এবং প্রায় ৫০ হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য মজুত রয়েছে। তবে এসব অস্ত্রের হামলার পাল্লা অনেক কম হওয়ায় ইরানের টিকে থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কাছাকাছি যেতে বাধ্য হয়েছে হামলাকারী যুদ্ধবিমানগুলো।

সংঘাতের শুরুর দিকে ইরানের বড় ও উচ্চতায় কাজ করতে সক্ষম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যেমন এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করা হলেও ছোট আকারের, সহজে ছড়িয়ে রাখা ও লুকিয়ে ফেলা যায় এমন উল্লেখযোগ্যসংখ্যক প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের হামলা থেকে টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব ব্যবস্থার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (ম্যানপ্যাডস) এবং স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (শোরাড)। এগুলো অনেক উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না। তবে নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে।

২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে ইরানের বিমানবিধ্বংসী হামলায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্যসংখ্যক আকাশযান হারানোর তথ্য উঠে এসেছে। এর মধ্যে রয়েছে একটি এফ-১৫ই যুদ্ধবিমান, একটি এ-১০ আক্রমণকারী বিমান, তিনটি এমকিউ-১ ড্রোন এবং একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনা। এ ছাড়া একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমানও যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়।

এসব আকাশযান ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাল্লার বাইরেও অবস্থান করে হামলা চালাতে সক্ষম। তবে মিশনের প্রয়োজনীয়তা ও অভিযান পরিচালনার চাপের কারণে, বিশেষ করে দীর্ঘপাল্লার অস্ত্র সংরক্ষণ করে স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহারের প্রবণতা বাড়ায়, ক্রুদের সম্ভবত শত্রুপক্ষের নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করতে হয়েছে।

তবে তাইওয়ান প্রণালিতে একই পরিস্থিতি তৈরি হওয়া নির্ভর করবে চীনের প্রাথমিক আক্রমণ মোকাবিলা করে তাইওয়ান তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে কি না, তার ওপর।

২০২৩ সালের এপ্রিলে ‘জার্নাল অব ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স’-এ প্রকাশিত এক নিবন্ধে ম্যাথিউ রেভেলস যুক্তি দেন, স্থির অবস্থানে থাকা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থার পরিবর্তে চলমান, আড়ালে রাখা এবং অসমমিত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলে চীনের প্রাথমিক ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে পারে তাইওয়ান।

যুগোস্লাভিয়া ও ইউক্রেনের কৌশল থেকে শিক্ষা নিয়ে রেভেলস সুপারিশ করেন, প্রাথমিক হামলার সময় তাইওয়ানের রাডার বন্ধ রাখা উচিত। চীনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের প্রচেষ্টা জটিল করে তুলতে সীমিত প্রবেশযোগ্য ও শহুরে ভূখণ্ড ব্যবহার এবং যোগাযোগব্যবস্থা আরও সুরক্ষিত করতে হবে।

তিনি আরও বলেন, স্থির অবস্থানে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে দুই ঘণ্টা সময় লাগে। তাই তাইওয়ানের উচিত চলমান স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ম্যানপ্যাডসের মজুত বাড়ানো, উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম ড্রোন এবং ড্রোনের ঝাঁক মোতায়েন করা। পাশাপাশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা টিকে থাকার নিশ্চয়তা দিতে সেগুলোকে পণ্যবাহী কনটেইনারের ভেতরে লুকিয়ে রাখা।

প্রাথমিক হামলার ধাক্কা সামলে তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা টিকে গেলে চীনকে বড় ধরনের ক্ষেপণাস্ত্রের মজুতসংকটে পড়তে হবে। চীনের দূরপাল্লার হামলার অস্ত্রভান্ডার শক্তিশালী হলেও এর মজুত সীমিত।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (ডিওডি) ২০২৫ সালের ‘চায়না মিলিটারি পাওয়ার রিপোর্ট’ (সিএমপিআর) অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের (পিএলএআরএফ) কাছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৩০০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র (জিএলসিএম), ৯০০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) এবং ১ হাজার ৩০০টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এমআরবিএম) রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র তাইওয়ানে আঘাত হানতে সক্ষম।

তবে উইলিয়াম আলবার্কে ২০২৫ সালের নভেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে বলেছিলেন, তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি অকার্যকর করতে চীনের প্রাথমিক হিসাবে ৫ হাজার থেকে ১০ হাজার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা চীনকে এ হিসাব আরও বহুগুণ বাড়াতে বাধ্য করে থাকতে পারে।

দীর্ঘস্থায়ী ও তীব্র যুদ্ধ চীনের এসব মজুত দ্রুত কমিয়ে দেবে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত হেরিটেজ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাতে চীনের নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের মজুত শেষ হয়ে যাওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ত্র উৎপাদন ও সরবরাহ সক্ষমতা কিংবা মজুতের ওপর কোনো হামলা না হলেও বিভিন্ন সিমুলেশনে দেখা গেছে, ৯০ দিনের মধ্যে চীনের বিমানবাহিনীর দূরপাল্লার নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের মজুত শেষ হয়ে যাবে। আর নৌবাহিনীর এ ধরনের অস্ত্রের মজুত শেষ হতে পারে ১২০ থেকে ১৪০ দিনের মধ্যে।

এভাবে অস্ত্রের মজুত কমে যাওয়ার চাপ তৈরি হলে হামলা অব্যাহত রাখতে চীনকে খ-২৯টির মতো পুরোনো ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করতে হবে। এতে জে-১০সি যুদ্ধবিমানের পাইলটদের তাইওয়ানের টিকে থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলার আওতার মধ্যে উড়তে বাধ্য হতে হবে।

তবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবেশের তুলনায় চীনের একটি সুবিধা রয়েছে। অস্ত্রের মজুত পুনরায় পূরণে এ ধরনের সীমাবদ্ধতা সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়ার সুযোগ রয়েছে তাদের। পাশাপাশি চীন তার সামরিক শিল্পের উৎপাদন সক্ষমতা সক্রিয়ভাবে বাড়াচ্ছে।

২০২৬ সালের মে মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে চীন ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর এটিই দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সবচেয়ে বড় বার্ষিক ঘটনা।

ব্লুমবার্গ জানিয়েছে, চীন কারখানাগুলোর সঠিক উৎপাদনসংক্রান্ত তথ্য গোপন রাখে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ২০১৫ সালের ১ হাজার ২৭৫টি থেকে ২০২৪ সালে বেড়ে ৩ হাজার ১৫০টিতে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৪৭ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করপোরেশন (ক্যাসিক) এবং চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (ক্যাসক) দেওয়া ক্রয়াদেশের কারণে এ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্ত যন্ত্রাংশ সরবরাহকারীর সংখ্যা ছিল ৩২। বর্তমানে তা বেড়ে ৮১ হয়েছে। এসব সরবরাহকারী প্রতিষ্ঠান ২০২৫ সালে সম্মিলিতভাবে ১৮৯ বিলিয়ন ইউয়ান বা ২৮ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের তুলনায় ২০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানগুলোর প্রায় ৪০ শতাংশ রেকর্ড পরিমাণ বিক্রি করেছে।

শেষ পর্যন্ত চীনের দ্রুতগতিতে বাড়তে থাকা ক্ষেপণাস্ত্র উৎপাদন তাইওয়ানের অসমমিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার টিকে থাকার কৌশলকে অকার্যকর করতে পারবে কি না, তার ওপরই নির্ভর করবে তাইওয়ান প্রণালির সংঘাতের পরিণতি। এর মধ্য দিয়ে সংঘাতটি চীনের দ্রুত বিজয়ে শেষ হতে পারে, অথবা দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিতে পারে। দ্বিতীয় পরিস্থিতিতে চীনের যুদ্ধবিমানগুলোকে তাইওয়ানের টিকে থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় প্রবেশ করতে বাধ্য হতে হবে। সংগৃহীত ছবি,সূত্র: এশিয়া টাইমস

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!