বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-শি-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৪:২৩ পিএম

ট্রাম্প-শি-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন?

ডেইলি খবর ডেস্ক:  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপে। আশঙ্কা করা হচ্ছে, এই বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের মতো পরিস্থিতির জন্ম দিতে পারে।ওই সম্মেলনে বিশ্বের বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে বিভিন্ন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল, যেখানে সংশ্লিষ্ট ছোট দেশগুলোর অংশগ্রহণের সুযোগ ছিল না।

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন অংশ নিয়েছিলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং বিভিন্ন দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ছোট দেশগুলোর স্বার্থ ও মতামত উপেক্ষা করে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রভাববলয় ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়ার কারণে সম্মেলনটি ব্যাপক সমালোচিত হয়েছিল।

ইউরোপের আশঙ্কা, শি, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য বৈঠকও একই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় দেশগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন কোনও সমঝোতায় পৌঁছাতে পারে বলে উদ্বেগ রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি প্রভাববলয় পুনর্বণ্টনের মাধ্যমে ‘ইয়াল্টা ২, ৩ বা ৪’ আয়োজনের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। তার আশঙ্কা, ইউক্রেনকে আলোচনার বাইরে রেখেই দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনও চুক্তিতে পৌঁছাতে পারে বৃহৎ শক্তিগুলো।

এ ধরনের উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকার ওপরও এর প্রভাব পড়তে পারে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, ইউরোপকে আলোচনার বাইরে রাখলে যুক্তরাষ্ট্র ও চীনও ক্ষতির মুখে পড়তে পারে। কারণ, ইউরোপ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের (সিইপিএ) এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ডেভিড আব্রামসন ও ইয়েভগেনি রোশচিন লিখেছেন, ইউরোপকে পাশ কাটানোর বিষয়টি মস্কো অবশ্যই স্বাগত জানাবে। কিন্তু ওয়াশিংটন ও বেইজিংয়ের জন্য এটি অপ্রয়োজনীয় এবং লাভের তুলনায় ব্যয়বহুল সিদ্ধান্ত হবে। কারণ, ইউরোপ উভয় দেশের জন্যই বড় ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

বিশ্লেষকদের মতে, ইউরোপকে বাদ দিয়ে বৃহৎ শক্তিগুলোর মধ্যে কোনও সমঝোতা হলে তা কেবল ইউক্রেনের ভবিষ্যৎ নয়, বরং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এ কারণে সম্ভাব্য শি-ট্রাম্প-পুতিন বৈঠকের দিকে সতর্ক নজর রাখছে ইউরোপ। সংগৃহীত ছবি,  সূত্র: বিবিসি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!