শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৮:১৮ এএম

ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য তার চেয়ে বেশি সুযোগ আর কেউ ইসলামি প্রজাতন্ত্রকে দেয়নি। কিন্তু ইরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তাই আজ আমি যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা করছি। এটি নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা হবে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও ট্রাম্প দাবি করেন, দেশটির নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী বিধ্বস্ত, সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটির মুদ্রার মূল্য কার্যত শেষ হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, যেসব দেশ ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সহায়তা বা টিকে থাকার সুযোগ করে দেবে, তাদেরও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

ইরানের তেল পাচার, অর্থের বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, জাহাজের নিবন্ধন এবং বিভিন্ন নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে অর্থনৈতিক লেনদেন বন্ধ করার আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, আপনারা জানেন, কার কথা বলছি। এটি হবে একটি ‘অর্থনৈতিক ডি-ডে’। ইরানের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে আমাদের সব মিত্রকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, এই উন্মাদরা এখন কোণঠাসা। এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানের অর্থনীতি এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়ানোর সক্ষমতাকে পঙ্গু করে দেবে। তিনি আবারও বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!