রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

ইরানে এবার সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৫৮ এএম

ইরানে এবার সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে সংঘাতের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি। যদিও মার্কিন সামরিক তদন্তে এ হামলার জন্য মার্কিন বাহিনীকেই সম্ভাব্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ রাখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করতে পারে। ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কতটা? এ সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে জবাবে ট্রাম্প বলেন, ‘এর জন্য খুব ভালো কারণ থাকতে হবে। যদি আমরা কখনও এমন করি, তবে তারা এতটাই বিধ্বস্ত থাকবে যে স্থলযুদ্ধে লড়াই করার মতো অবস্থায় থাকবে না।’
এরপর আরেক সাংবাদিক জানতে চান, সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় স্থলবাহিনী পাঠানো হতে পারে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘ওটা পরে দেখা যাবে। এ বিষয়ে আমরা এখনও আলোচনা করিনি... তবে এটা বড় একটি বিষয় হতে পারে। এখন আমরা কেবল তাদের ভীষণভাবে দুর্বল করে দিচ্ছি, কিন্তু ওই দিকে এখনও যাইনি।’তিনি আরও বলেন, ‘এটা পরে করা যেতে পারে, কিন্তু এখনই নয়’।
এদিকে সংঘাতের শুরুর দিকে ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় অন্তত ১৬৮ শিশু ও ১৪ শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে তিনি বলেন, ‘আমি যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা ইরানই করেছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানায় একমাত্র ইরান।’তবে ট্রাম্প ও হেগসেথের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন সামরিক তদন্তকারীরা জানিয়েছেন, স্কুলটিতে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনীই দায়ী। যদি সেটি সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে গত তিন দশকের মার্কিন যুদ্ধগুলোর মধ্যে এটি বেসামরিক হতাহতের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।ফাইল ছবি


 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!