রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:১৭ এএম

মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ডেইলি খবর ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। বাহিনীটির দাবি, ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরায়নি।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে’ ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে তারা ওয়াশিংটনকে ব্ল্যাকমেল করতে পারবে না। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন’ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ ‘পুরোপুরি বহাল’ থাকবে।
তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে এবং ‘পূর্বঘোষিত সমন্বিত পথে’ সব বাণিজ্যিক নৌযানের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি খোলা’ রয়েছে। অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোর বিষয়ে উভয় পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হতে পারে না।এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো মূল্যায়ন করে দেখছে। সূত্র: আল–জাজিরা
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!