ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ অর্জন করেছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সম্প্রতি ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা চুক্তি করতে চায়।’তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আমরা অনেক অগ্রগতি করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতেও রাজি হননি ট্রাম্প। বরং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের ‘সবচেয়ে বড় অবরোধ’ আরোপের দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, গত সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি।
তবে ইরানের সামরিক সরঞ্জামে মার্কিন বাহিনীর সীমিত হামলার কথা স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা ছোটখাটো একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটা প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’ তবে হামলাটি কখন বা কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।এ ছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সংগৃহীত ছবি, সুত্র-আল জাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :