ডেইলি খবর ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞানী ও গবেষকদের সম্পর্কেও তথ্য দিতে পারবেন আগ্রহীরা। খবর এএফপির।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় তথ্য সংগ্রহের জন্য এ কর্মসূচি চালু করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা ইরান যথাযথভাবে পালন না করায় দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সংস্থাটির তথ্যের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। বিশেষ করে সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন ও মজুত সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত বলেও মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্পের দাবি, দীর্ঘ আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি এখন যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে এবং তেহরান চুক্তি করতে খুবই আগ্রহী।
এদিকে, নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে মধ্যস্থতাকারীদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, ইরানে আরও এক বা দুটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে। এর মধ্যে মধ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ রয়েছে। স্থানটিকে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তবে ইরান সেখানে পারমাণবিক স্থাপনা থাকার দাবি অস্বীকার করেছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :