ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।
শনিবার (১৮ জুলাই) ভোরে এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এছাড়া, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো নিরাপদ করতে রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনীয় সড়ক ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পরিস্থিতি মূল্যায়ন এবং বিকল্প যাতায়াতের পথ প্রস্তুতের কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে গত দুই রাতে হরমোজগানের বিভিন্ন সেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে এসব হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :