সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বাহরাইনের তেল স্থাপনায় ইরানের হামলায় ভয়াবহ আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৫৫ পিএম

বাহরাইনের তেল স্থাপনায় ইরানের হামলায় ভয়াবহ আগুন

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো আবারও হামলার মুখে পড়েছে। ইরানের হামলায় বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আগুন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সঙ্গে হামলার কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি বিপকো ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানের হামলায় বাহরাইনের বিস্তৃত আল-মা’আমির তেল স্থাপনায় আগুন লেগেছে এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বাহরাইন নিউজ এজেন্সি এক্সে দেয়া এক পোস্টে জানায়, আল-মা’আমির এলাকায় একটি স্থাপনাকে লক্ষ্য করে ইরানের হামলার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেছে বলেও জানানো হয়। এটি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা।
হামলার পর সোমবার বাহরাইনের বিপকো তেল শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তিনি বলেন, ইরানের ড্রোন হামলার ফলে সিত্রা এলাকায় আগেই আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে সরকার জানিয়েছিল। এরপরই রিফাইনারির চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বিপকো হলো বাহরাইনের প্রধান তেল শোধনাগার এবং দেশটির জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে ইরানের ধারাবাহিক হামলার পর বাহরাইনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি বিপকো ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তাদের রিফাইনারি কমপ্লেক্সে সাম্প্রতিক হামলার কারণে গ্রুপের কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই তারা আনুষ্ঠানিকভাবে ‘ফোর্স মেজর’ নোটিশ জারি করেছে।‘ফোর্স মেজর’ ঘোষণা করা হলে কোনও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার কারণে চুক্তিগত দায়বদ্ধতা থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া যায়।
সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন হামলার কারণে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বাজারে তেল পরিবহনও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠছে। আর এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক তেলের দাম এরই মধ্যে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

 



 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!