রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৫৯ পিএম

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ডেইলি খবর ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’ আঘাত হেনেছে। এতে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল পর্যন্ত ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮৮ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবার দিনের শুরুতে বিদ্যুৎহীন বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ১৯ হাজারে পৌঁছেছিল। পরে তা কমে ৮৮ হাজারে নামে। মেরিল্যান্ডের কলেজ পার্কে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রধান আবহাওয়াবিদ বব ওরাভেক বলেন, ‘ঝড়ের প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে। আগামী কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বাতাস, অনেক উঁচু জোয়ার এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

বন্যা ও উঁচু জোয়ারের ঝুঁকি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সমুদ্রসৈকত ও পানিতে প্লাবিত এলাকাগুলো থেকে দূরে থাকারও আহ্বান জানানো হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘এই সপ্তাহান্তে যে কেউ পানির মধ্যে বা পানির কাছাকাছি গেলে, আক্ষরিক অর্থেই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন ‘

তবে সতর্কতার মধ্যেও নিউইয়র্কের লং আইল্যান্ডে প্লাবিত সড়কে মানুষকে কায়াকিং করতে দেখা গেছে। অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটনে বড় ঢেউ উপভোগ করেছেন কেউ কেউ। মেরিল্যান্ডের ওশান সিটির বাসিন্দা জে বয়েড এপিকে বলেন, ‘সব খালেই পানি অনেক উঁচুতে উঠে গেছে এবং মানুষের বাড়ির পেছনের আঙিনায় ঢুকে পড়ছে।’

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার এখন পর্যন্ত প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঝড়ের কারণে গুরুত্বপূর্ণ কনসার্ট ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে।সংগৃহীক ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!