ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আজ বুধবার (১ জুলাই) আলোচনা সম্পর্কে জানে এমন একজন কূটনীতিক এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক নিশ্চিত করেন যে, আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ ‘টেকনিক্যাল’ আলোচনায় বসবে।
ওই কূটনীতিক জানান, দোহার এই আলোচনাটি সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে এবং লেক লুসার্ন শীর্ষ সম্মেলনে অর্জিত অগ্রগতিকে আরও বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। তিনি মূলত সুইজারল্যান্ডের অবকাশ যাপন শহরে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা এবং জুন মাসে উভয় পক্ষের অনুমোদিত আলোচনার রূপরেখাকে নির্দেশ করেছেন।
ওই কূটনীতিক আরও যোগ করেন, মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই টেকনিক্যাল আলোচনায় অংশ নিচ্ছেন না; তারা গতকাল মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই জানিয়েছিল যে তারা কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠাবে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই মার্কিন-ইরান সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি, যা গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধকে সাময়িকভাবে থামিয়ে রাখবে। সেই সাথে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসান ঘটিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি নিশ্চিত করেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, কর্মকর্তাদের আগামী দিনগুলোতে কোনো স্তরেই মার্কিন পক্ষের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :