মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য, জার্মানি ও পশ্চিমা মিত্ররা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:০৬ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য, জার্মানি ও পশ্চিমা মিত্ররা

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তার দেশকে কোনো বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে দেয়া হবে না। ন্যাটোকে লক্ষ্য করে ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে এই জবাব দিয়েছেন স্টারমার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি ওই অঞ্চলে সামরিক সহায়তা না দেয়, তবে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। স্টারমার বলেন, ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, বৃটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতে জড়াতে দেবে না এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি তার সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীও একই কথা বলেছেন। যুক্তরাজ্যের শ্রম ও অবসরবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফাডেন বলেছেন, ডনাল্ড ট্রাম্প ‘খুবই লেনদেন’নির্ভর প্রেসিডেন্ট। ইরান ঘিরে তার দফায় দফায় দাবিগুলোকে সেই প্রেক্ষাপট থেকেই দেখতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নিতে বাধ্য নয় যুক্তরাজ্য।
জার্মানিও সাফ জানিয়েছে দিয়েছে তারা ট্রাম্পের যুদ্ধে অংশ নেবে না। দেশটির সরকারের এক মুখপাত্র বলেছেন, ইরানে চলমান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। তিনি জানান, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার কোনো উদ্যোগেও যুক্ত হবে না। মুখপাত্র বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন কোনো ধরনের অংশগ্রহণ হবে না। এমনকি সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো প্রচেষ্টাতেও নয়। এদিকে গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র পাভলোস মারিনাকিস।
সূত্র: আল জাজিরা।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!