মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

দুবাই বিমানবন্দরে এবার সব ফ্লাইট চলাচল স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:২৭ পিএম

দুবাই বিমানবন্দরে এবার সব ফ্লাইট চলাচল স্থগিত

ডেইলি খবর ডেস্ক: এবার ‘ড্রোন সংক্রান্ত একটি ঘটনার’ কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১৬ মার্চ) সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে, একটি ড্রোন একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ দ্রুত সেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দুবাই মিডিয়া অফিস জানায়, ‘দুবাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।’
আঞ্চলিক যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাত বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইরান আমিরাত লক্ষ্য করে এক হাজার ৮০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ইরান মূলত মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক স্থাপনা, বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে, তবুও ভ্রমণ পরিকল্পনা ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে গত বুধবার বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়লে চারজন আহত হয়েছিলেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি ও দুইজন সামরিক কর্মী। তারা মূলত কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।-সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!