রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিবিতে জমজমাট বক্সিং প্রতিযোগিতা, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১১:২৩ পিএম

আইসিসিবিতে জমজমাট বক্সিং প্রতিযোগিতা, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

স্পোর্টস রিপোর্টার:  রিংয়ে লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর তরুণ বক্সারদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ—এমন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জুলকান বিটডাউন ৩’। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় নয়টি অ্যামেচার বক্সিং বাউট। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবানের বক্সারদের অংশগ্রহণ।

বিভিন্ন ওজন শ্রেণিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন দুই পার্বত্য অঞ্চলের উদীয়মান বক্সাররা। ৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে নির্ধারিত লড়াইগুলোতে প্রতিযোগীরা নিজেদের কৌশল, শারীরিক সক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ফাইটারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ অন্যরা।

বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমাও এবারের প্রতিযোগিতায় বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর সম্পৃক্ততা প্রতিযোগিতায় বাড়তি গুরুত্ব যোগ করে।

দর্শকদের অংশগ্রহণ বাড়াতে এবারের আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি প্রতিযোগিতা উপভোগের সুযোগ পান। নতুন ভেন্যুতে বড় পরিসরে আয়োজনের মধ্য দিয়ে দেশের কমব্যাট স্পোর্টসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, নতুন প্রতিভার অন্বেষণ এবং তরুণদের জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়ার সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ গড়ে তোলা এবং মুয়েই থাই ও বক্সিংসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসকে সাধারণ দর্শকের কাছে পরিচিত করে তোলার উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে জুলকান বিটডাউন সিরিজ।

শুধু প্রতিযোগিতার আয়োজন নয়, নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনাকে এগিয়ে নেওয়াই জুলকান ইনডোর অ্যারেনার অন্যতম লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা দেশের তরুণদের বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!