স্পোর্টস ডেস্ক: বিশ^ নন্দিত ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মুশফিকুর রহীম। মাঠে তার অবিচল মানসিকতা, চাপের মুখে হাল না ছাড়ার প্রবণতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ভক্ত ও বিশ্লেষকরা তাঁকে ভালোবেসে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। তবে বগুড়ার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের কিশোর থেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ও উইকেটরক্ষক হয়ে ওঠার পথটি মোটেও মসৃণ ছিল না। এর পেছনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর নিয়মানুবর্তিতা এবং বিরামহীন পরিশ্রমের এক অনন্য উপাখ্যান।
১৯৮৭ সালের ৯ মে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিম। বাবা মাহবুব হামিদ তারা এবং মা রহিমা খাতুনের সন্তান মুশফিকের শৈশব কেটেছে বগুড়ার মাটিগাড়ায়। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল। বগুড়ার স্থানীয় মাঠে বড় ভাইদের সঙ্গে টেনিস বলে ক্রিকেট খেলেই তাঁর হাতেখড়ি। ছেলের ক্রিকেটের প্রতি এই গভীর ভালোবাসা দেখে বাবা মাহবুব হামিদ কখনোই বাধা দেননি, বরং সবসময় উৎসাহ জুগিয়েছেন।
মুশফিকের জীবনের মোড় ঘুরে যায় ২০০০ সালে। সে বছর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হওয়ার সুযোগ পান। বিকেএসপির কঠোর শৃঙ্খলা, নিয়মিত অনুশীলন এবং কোচদের নিবিড় তত্ত্বাবধান তাঁর ক্রিকেটীয় ভিত্তি অত্যন্ত মজবুত করে তোলে। সেখানেই তিনি উইকেটকিপিং এবং ব্যাটিংয়ের কৌশলগুলো নিখুঁতভাবে রপ্ত করেন। আশ্চর্যের বিষয় হলো, পেশাদার ক্রিকেটের প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তিনি পড়াশোনায় কোনো ছাড় দেননি।
বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। খেলার মাঠ ও পড়াশোনার টেবিলে সমানতালে সফল হওয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ড সফরের দলে ডাক পান মুশফিক। ক্রিকেটের মক্কা খ্যাত ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার।
অভিষেক ম্যাচে বড় রান না পেলেও তার টেম্পারামেন্ট নির্বাচকদের নজর কাড়ে। পরের বছর ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন এবং দলকে কোয়ার্টার ফাইনালে তুলে নিজের নেতৃত্বগুণের প্রমাণ দেন। ২০১১ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছায়।বাংলাদেশ সংবাদ
মুশফিকুর রহিমের সাফল্যের মূল মন্ত্র কঠোর অনুশীলন। দলের অন্যান্য খেলোয়াড়রা যখন অনুশীলন শেষে বিশ্রামে যান, মুশফিক তখনো নেটে ঘাম ঝরান। ম্যাচের আগে বা পরে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করা, জিম করা এবং নিজের ফিটনেস ধরে রাখা তাঁর দৈনন্দিন রুটিনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনে চলা এবং নিজের ভুলগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করার মানসিকতাই তাকে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রাসঙ্গিক রেখেছে। ক্যারিয়ারে মুশফিক অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন।
২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি। পরবর্তীতে টেস্টে আরও দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের প্রথম উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হন। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :