ডেইলি খবর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে নতুন করে ৫০টি স্থানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর সিগন্যাল স্থাপন করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের করা প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আশা করছি আগামী দুই মাসের মধ্যে এই এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যালগুলো কাজ করা শুরু করবে। এগুলো কাজ করা শুরু করলে ঢাকা শহরের যে যানজট আছে তা অনেকটা কমে যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পৃথিবীর যেকোনো বড় শহর বা জনবহুল যেকোনো জায়গায় আমরা সব সময় দেখেছি দুটো সময় রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম থাকে। একটি হচ্ছে সকালে স্কুল বা অফিস যখন শুরু হয় এবং আরেকটি হচ্ছে অফিস বা স্কুল যখন ছুটি হয় তখন দুই-তিন ঘণ্টা পৃথিবীর যেকোনো বড় শহরেই জ্যাম থাকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে: প্রধানমন্ত্রী
এদিকে অপর এক প্রশ্নোওরে প্রধানমন্ত্রী জানান মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মালয়েশিয়া যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।’
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।’
বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে এইভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।’
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।’এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :