আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ সদর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র ও পাকুন্দিয়া উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল সোয়া দশটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার বাসা থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তুহিন (১০) সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য সামছুলের ছেলে।
এছাড়া, বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার চিলকারা এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। নিহত চালকের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :