ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে ভারতের বিমান খাত। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এনডিটিভি অনলাইন এই তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই এই যৌক্তিক সমন্বয় করা হয়েছে।এয়ার ইন্ডিয়ার নতুন সূচি অনুযায়ী, এশিয়ার মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটের সংখ্যা সাপ্তাহিকভবে কমিয়ে আনা হয়েছে।নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখতে এবং যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি সংস্থাটির।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সীমিত এই কার্যক্রমের মধ্যেও তারা প্রতি মাসে এক হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আমেরিকার রুটে দিল্লি-শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। দিল্লি-টরন্টো রুটে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৫টি করা হবে, তবে আগস্ট থেকে আবার দৈনিক ফ্লাইট চালু হবে।পাশাপাশি, দিল্লি-ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭টি থেকে কমিয়ে ৫টি করেছে এয়ার ইন্ডিয়া। ইউরোপীয় রুটে দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট ১৪টি থেকে কমিয়ে ৭টিতে আনা হয়েছে।এ ছাড়া কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্লাইটের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। অস্ট্রেলিয়ায় দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে দৈনিক ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে।
তবে দিল্লি-সাংহাই এবং চেন্নাই-সিঙ্গাপুর ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হো চি মিন সিটি, হ্যানয় ও ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া দিল্লি-কাঠমান্ডুতে জুলাই ও আগস্টে সাপ্তাহিক ফ্লাইট ৪২টি থেকে কমে ২১টিতে নেমে আসবে। দিল্লি-মালে রুটও সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে পুনঃবুকিং, বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা রাখা হয়েছে। সহায়তার জন্য এয়ার ইন্ডিয়ার ২৪ ঘণ্টার কন্টাক্ট সেন্টার ও ডিজিটাল সেবা চালু থাকবে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :