মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত-ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:০৮ পিএম

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত-ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: পূর্ব ঘোষিত ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর আল জাজিরা।
সোমবার (২৩ মার্চ) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে এক পোস্টে বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পুরোপুরি সমাধানের লক্ষ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।তিনি আরও জানান, চলমান আলোচনা সফল হওয়ার ওপর নির্ভর করে আপাতত সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে।
এর আগে শনিবার ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় সব জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুমকিও দেন তিনি।
প্রতিউত্তরে ইরান হুঁশিয়ারি দেয়, তারা হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে; যা দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। পাশাপাশি তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দেয়।সোমবার ইরানের সামরিক বাহিনী আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা এমন সব বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করবে, যেগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়। এ ছাড়া মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোও টার্গেট করা হবে বলে সতর্ক করে তারা।
অন্যদিকে, ইরানের প্রতিরক্ষা কাউন্সিল জানায়, দেশের দক্ষিণ উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো হামলা হলে তারা সমুদ্রপথে মাইন পেতে উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে।এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হলেও, কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে।ফাইল ছবি
 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!