আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে দেশটি। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার অভিযোগও তুলেছে তেহরান।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (২৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ভূপাতিত করেছে।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি। ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসির নৌবাহিনী জানায়, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ধরে যায়।
তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা এসব ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।একই সঙ্গে ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা না করতে জাহাজগুলোকে হুঁশিয়ার করেছে আইআরজিসির নৌবাহিনী।
তেহরান আগেই সতর্ক করে জানিয়েছিল, ইরানের কর্তৃপক্ষ নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া এই নৌপথ অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে আরব দেশগুলোতে থাকা ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।
এরপর গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতভিন্নতার কারণে এর বাস্তবায়ন থমকে যায়। যুদ্ধ বন্ধের চেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত চলছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :