ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাবের পেছনে রয়েছে গত মার্চে হোয়াইট হাউসের শুরু করা একটি তদন্ত। বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা খতিয়ে দেখতে ওই তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের তথাকথিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এই তদন্ত শুরু হয়। প্রশাসন এসব শুল্ককে ‘পারস্পরিক শুল্ক’ হিসেবে অভিহিত করেছিল। আদালতের ওই রায়ের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শুল্ক আরোপের জন্য তিনি বিকল্প আইনি পথ খুঁজবেন।
এরপর গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় (সেকশন ৩০১) তদন্ত শুরু হয়। এতে খতিয়ে দেখা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্য অংশীদার ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক’ বাণিজ্যচর্চার মাধ্যমে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে কিংবা বাধাগ্রস্ত করছে কি না।
তৎকালীন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ বিষয়ে বলেন, ‘যেসব দেশ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও পণ্যের মাধ্যমে নিজেদের সমস্যার চাপ যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে দিতে পারে, তাদের কাছে আর নিজেদের শিল্পভিত্তি বিসর্জন দেবে না যুক্তরাষ্ট্র।’
তিনি আরও বলেন, ‘আজকের এই তদন্তগুলো গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং উৎপাদন খাতের বিভিন্ন ক্ষেত্রে মার্কিন শ্রমিকদের জন্য ভালো বেতনের কর্মসংস্থান তৈরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারেরই প্রতিফলন।’
গ্রিয়ার আরও বলেন, ‘বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার নিজেদের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে।’
এ তদন্তের মাধ্যমে বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিকল্প আইনি ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি=সংগৃহতি, সৃত্র-বিবিসি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :