ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী থ্যাংকসগিভিং ঝড়ে ৯ লাখের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ব্যাহত হচ্ছে বিমান ও সড়ক যোগাযোগ।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি, ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার কারণে দেশজুড়ে ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য। সেখানে ২ লাখ ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে বিদ্যুৎ কোম্পানিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ছাড়া নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও মিসৌরি অঙ্গরাজ্যের প্রতিটিতে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভার্জিনিয়ায় ১ লাখ ৩৯ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। সেখানে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
নিউ জার্সির আটলান্টিক সিটি ইলেকট্রিক জানিয়েছে, প্রবল বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় মেরামত কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিরাপদ হলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সংযোগ চালুর সময় জানানো হবে। এদিকে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।
একইভাবে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে।
মেরিল্যান্ডে প্রবল বাতাসের কারণে সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় ২০ লাখ গ্রাহককে শুধু অতিপ্রয়োজনীয় কাজে পানি ব্যবহারের অনুরোধ জানিয়েছে স্থানীয় পানি সরবরাহ কর্তৃপক্ষ। অন্যদিকে, ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের ছুটিতে সাত দিনে প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক ভ্রমণ করছেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২ হাজার ২০০টির বেশি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রশান্ত মহাসাগরীয় ঝড়ের প্রভাবে ক্যালিফোর্নিয়া উপকূলে জলোচ্ছ্বাসে পানির উচ্চতা ৮ ফুটের (২ দশমিক ৪ মিটার) ওপরে উঠে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্যালিফোর্নিয়া উপকূলীয় রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করেছে অ্যামট্রাক প্যাসিফিক সার্ফলাইনার।
এর আগে বুধবার রাতে বৃষ্টির মধ্যে মায়ামি বিমানবন্দরে অবতরণের সময় ফেডেক্সের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপর চলে যায়। এতে বিমানবন্দরের একটি ছাড়া সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যার প্রভাবে বৃহস্পতিবারও ফ্লাইট বিলম্বিত হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির দিনের এই ভয়াবহ ঝড় মোকাবিলায় পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর জন্য জরুরি তহবিল ছাড় করার বিষয়টি তিনি বিবেচনা করবেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :