শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি? সৌদি আরব-কাতারে প্যাট্রিয়ট পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৪:৫৬ পিএম

ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি? সৌদি আরব-কাতারে প্যাট্রিয়ট পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় আরও দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহে এসব ব্যাটারি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুই মার্কিন ও এক আঞ্চলিক কর্মকর্তা। খবর অ্যাক্সিওসের।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে সৌদি ও কাতারের গুরুত্বপূর্ণ তেল-গ্যাস স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র যে পাশে থাকবে -মিত্র দেশ দুটিকে সেই আশ্বাস দিতেই এই পদক্ষেপ।

বৃহস্পতিবার ট্রাম্পও ইরানে ফের হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তার ভাষায়, ‘ইরান চুক্তিতে সই করবে, নাকি দেশটি আর থাকবে না এখন আমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে।’ব্রেকিং নিউজ

গত আগস্টে ইরানের জ্বালানি অবকাঠামোসহ বড় ধরনের হামলার কথা বিবেচনা করছিল ট্রাম্প প্রশাসন। ওই সময় সৌদি ও কাতারের নেতারা ট্রাম্পকে হামলা না চালানোর জন্য চাপ দেন। তাদের আশঙ্কা ছিল, ইরান পাল্টা হামলা চালিয়ে দেশ দুটির তেল ও গ্যাস স্থাপনায় আঘাত করতে পারে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ওই আশঙ্কা ট্রাম্পের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত সামরিক হামলার বদলে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পথ বেছে নেয় ওয়াশিংটন।

গত মাসে সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয় একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রক্ষায়। আরেকটি ব্যাটারি পাঠানো হয় কাতারে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষায়।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হলে সৌদির আকাশসীমা ব্যবহারের প্রয়োজন হতে পারে যুক্তরাষ্ট্রের। তবে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে রিয়াদ সেই অনুমতি দিতে অনাগ্রহী হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!