ডেইলি খবর ডেস্ক: শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখেছে ইসরায়েলি বাহিনী। এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে। ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে; যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত ১০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে এ পর্যন্ত ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইরানের হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি না হলেও দেশটিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। ইরানের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহকেও মোকাবিলা করতে হচ্ছে ইসরায়েলকে। ইরানে আগ্রাসনের প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা শুরু করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হানে ইরানও। তারা ইসরায়েলের মূল ভূখণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে।সূত্র: আল জাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :