ডেইলি খবর ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (২২ ফেব্রুয়ারি) সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন হামলার জবাবে তাঁর দেশ পাল্টা ব্যবস্থা নেবে। তবে তিনি কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করে বলেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে জেনেভায় আরেক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন আলোচকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুনরায় সামরিক হামলা এড়ানোর ‘ভালো সুযোগ’ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখা এবং যেকোনো আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানার অধিকার ইরানের রয়েছে।
আব্বাস আরাঘচি বলেন,‘যুক্তরাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে, তবে আমাদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের আক্রমণ করলে সেটি হবে একটি আগ্রাসন। বিনিময়ে আমরা যা করব তা হবে আত্মরক্ষামূলক পদক্ষেপ।’
আরাঘচি আরও বলেন,‘এটি ন্যায়সঙ্গত এবং বৈধ।আমাদের ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে না। তাই স্পষ্টতই আমাদের অন্য কিছু করতে হবে। আমাদের এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে হবে।’
উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল-উদাইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।ইরানি কর্মকর্তারা মাঝেমধ্যে ইসরায়েলকেও মার্কিন ঘাঁটি হিসেবে অভিহিত করে থাকেন। আব্বাস আরাঘচি বলেন, ‘আমি বিশ্বাস করি উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতির ভিত্তিতে কূটনৈতিক সমাধানের এখনো ভালো সুযোগ রয়েছে।’
জেনেভায় সাম্প্রতিক দফার আলোচনার পর ইরান জানিয়েছিল যে তারা একটি চুক্তির খসড়া প্রস্তাব তৈরি করছে যা কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। এ বিষয়ে আরাঘচি বলেন, ‘আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা চুক্তির উপাদানসমূহ এবং খসড়ার টেক্সট নিয়ে কাজ করছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিবিএস-কে বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা আবার সম্ভবত এই বৃহস্পতিবার জেনেভায় মিলিত হব, তখন আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজ করে একটি ভালো টেক্সট তৈরি করতে পারব এবং দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে পারব।’ তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে থাকা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আরাঘচি বলেন, ‘একটি সার্বভৌম দেশ হিসেবে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :