আন্তর্জাতিক ডেস্ক; সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফের আকাশে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, প্রতিহত করা ড্রোনটির টুকরো শহরের বিভিন্ন এলাকায় পড়ার পর জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক এবং আহতদের মধ্যে একজন সৌদি নারী ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ার ফলে বেশ কয়েকটি ভবন ও যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি ইয়েমেনের হুতি গোষ্ঠী উৎক্ষেপণ করেছিল। তবে এ বিষয়ে হুতির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সৌদি আরব জানিয়েছিল, মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই গোষ্ঠীটির ছোড়া একটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। তবে গোষ্ঠীটি এই ঘটনার দায় অস্বীকার করে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি ছিল দ্বিতীয় হামলার প্রচেষ্টা।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব হুতি দ্বারা পরিচালিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। জুলাইয়ের শুরু থেকেই ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করলে সংঘাত ছড়িয়ে পড়ে সৌদিতেও।
নতুন করে শুরু হওয়া এই সংঘাতের ফলে তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটেছে; ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সেই পরিস্থিতি বজায় ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর থেকেই অশান্ত পুরো ইয়েমেন। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :