ডেইলি খবর ডেস্ক: অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’। এই ঘূর্ণিঝড় তীব্রতর হওয়ায় ভারতের ওড়িশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার ছয়টি জেলা-পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরিতে কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলোতে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
দেশটির প্রশাসনের পক্ষ থেকে ওড়িশার বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক, কেওনঝার, ময়ূরভঞ্জ, কান্ধমাল, কালাহান্ডি, নবরঙ্গপুর, খুরদা, নয়াগড়, জগৎসিংহপুর, নোয়াপাড়া, বালাঙ্গির জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশেও দেখা গেছে। ওই রাজ্যের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ) এমডি প্রখর জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড় অর্ণব ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে।
এই ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যার দিক থেকে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপতলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জৈন।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং ওড়িশার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু ট্রেন বাতিল করা হয়েছে।
অর্ণবের প্রভাবে ঝাড়খণ্ডের কিছু অংশে টানা তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সব জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এর প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। উপকূল সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :