বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রয়োজনে অন্য দেশেও অভিযান, ইরানের নতুন সামরিক কৌশল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১০:৩১ এএম

প্রয়োজনে অন্য দেশেও অভিযান, ইরানের নতুন সামরিক কৌশল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে কোনো দেশ হামলা চালালে পাল্টা ওই দেশেও অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রতিরক্ষানীতিতে পরিবর্তন এনে বাহিনীটি এখন ‘আক্রমণাত্মক কৌশলভিত্তিক’ অবস্থান গ্রহণ করছে বলে জানিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি।

এদিকে, শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন এলাকায় কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত কয়েকজন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : আল-জাজিরা।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!