আন্তর্জাতিক ডেস্ক: টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন।
বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরিটি এখন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় রয়েছে। তবে এর সঙ্গে কোন কোন যুদ্ধজাহাজ ফিরেছে, তা জানাননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পৌঁছেছিল জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে এসেছিল এটি।
জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।
জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো স্পষ্ট নয়। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি।
জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি ছিল না।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।
গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত ফিরে এসেছে। এ সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে, যার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও।
ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :