ডেইলি খবর ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্ট্যাট’ থেকে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত চার লাখ ৫০ হাজার রুশ নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সেনাসদস্য। এছাড়া চার হাজারেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন, যারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার মতো দেশের নাগরিকরা রয়েছেন। বেলারুশের ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামে দুটি হ্যাকার গ্রুপ এই নথিগুলো সংগ্রহ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) ও ব্লুমবার্গ নিউজের বিশ্লেষণ এবং ফাঁস হওয়া তথ্যের বিস্তারিত তুলে ধরা হলো :
কী ফাঁস হয়েছে এবং এটি কতটা বিশ্বাসযোগ্য?
গত ১ নভেম্বর সাইবার পার্টিজানস এবং সাইলেন্ট ক্রো জানায় যে তারা রোসস্ট্যাটের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছে এবং তা বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেছে। রোসস্ট্যাট ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করলেও, তাদের ডেটাবেস হ্যাক বা সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে।
মস্কো আনুষ্ঠানিকভাবে কখনোই তাদের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা প্রকাশ করে না। এফটি-র অনুসন্ধানে দেখা গেছে, রাশিয়ায় মৃত্যুর নিবন্ধন হতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগে। বিলম্বিত কাগজপত্র হিসাব করা হলে আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৫০ হাজারে গিয়ে দাঁড়াবে।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ফাঁস হওয়া রোসস্ট্যাট ডেটাবেস যে আসল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক বছরগুলোতে মারা যাওয়া যেকোনো বিখ্যাত ব্যক্তির নামই এতে পাওয়া যাচ্ছে।’ নিহতের সংখ্যা বাড়াতে তথ্যে কারসাজি করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ইয়ানিস ক্লু বলেন, এটি করা অবিশ্বাস্য রকমের কঠিন ও এটি একটি অত্যন্ত অসম্ভব ষড়যন্ত্র তত্ত্ব।
নথিতে প্রাণহানির কী চিত্র উঠে এসেছে?
ফাঁস হওয়া নথিতে সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত প্রায় চার লাখ ১০ হাজার মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। এছাড়া যুদ্ধের উপযুক্ত বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর বিষয়টি আদালতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, কারণ তাদের মরদেহ কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি।
এর বাইরে যুদ্ধক্ষেত্র বা এর আশপাশে মারা যাওয়া আরও ১২ হাজার সম্ভাব্য সামরিক মৃত্যুর তথ্য শনাক্ত করেছে এফটি, যা মোট সংখ্যাকে অন্তত চার লাখ ৫০ হাজারে নিয়ে গেছে।
সবচেয়ে বেশি প্রাণহানি কোথায় ঘটেছে?
আভদিভকা ও পোকরোভস্ক : এফটি-র প্রতিবেদন অনুযায়ী, অবস্থান নথিভুক্ত থাকা নিহতদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার জনই দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা ও পোকরোভস্ক এলাকায় প্রাণ হারিয়েছেন। ২০১৪-১৫ সালে রুশ-সমর্থিত বাহিনী পূর্ব ইউক্রেনের কিছু অংশ দখল করার পর আভদিভকা ‘কন্টাক্ট লাইন’-এ পরিণত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর দুই বছরের তীব্র লড়াই শেষে ২০২৪ সালে রাশিয়া এটি দখল করে। এরপর রুশ বাহিনী কয়লাখনি সমৃদ্ধ শহর পোকরোভস্কের দিকে অগ্রসর হয় এবং এক বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ লড়াইয়ে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর ২০২৬ সালের শুরুর দিকে তা দখল করে।
বাখমুত : দোনেৎস্ক ওব্লাস্টের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত বাখমুতে আরও ৪৮ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের মে মাসে রুশ বাহিনী ও আধা-সামরিক ওয়াগনার গ্রুপের দখলে যাওয়ার আগে এখানে যুদ্ধের দীর্ঘতম ও রক্তক্ষয়ী পদাতিক লড়াই চলেছিল।
নিহতদের পরিচয় কী?
নিহতদের অধিকাংশই দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের বয়স্ক পুরুষ। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ৩৪ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষরাই সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন, যাদের সংখ্যা এক লাখ ৫৮ হাজার।
রাশিয়ার ১৪ কোটি ৩০ লাখ জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি জাতিগত রুশ ও বাকিরা সংখ্যালঘু। দক্ষিণ সাইবেরিয়ার আদিবাসী মঙ্গোলিক জনগোষ্ঠী বুরিয়াত অধ্যুষিত ‘জাবাইকালস্কি ক্রাই’ অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন মারা গেছেন, যা ওই অঞ্চলের প্রতি ৮০ জনে প্রায় ১ জন।
আদিবাসী বাশকির ও ভলগা তাতার অধ্যুষিত ‘বাশকোর্তোস্তান’ অঞ্চলে ১৫ হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছেন।
কতজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন?
এফটি নিহতদের মধ্যে বিদেশি নাগরিকত্বধারী চার হাজার ১৪১ জন সম্ভাব্য বিদেশি সেনাকে শনাক্ত করেছে। তবে রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ব্লুমবার্গ নিউজ এই সংখ্যা ১১ হাজার ৩৩৫ বলে জানিয়েছে। ২০২২ সালে বিদেশি যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা প্রায় ৬৩০ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে পাঁচ হাজার ৫০০ ছাড়িয়েছে।
এফটি-র হিসাবে সর্বোচ্চ ৮০৭ জন নিহত হয়েছেন উজবেকিস্তানের, এরপর তাজিকিস্তানের ৫৯৮ জন। এছাড়া লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৮ জন কলম্বিয়ান ও ৪৪ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন।
ব্লুমবার্গ জানায়, নিহতদের মধ্যে প্রায় ৩৪০ জন আফ্রিকান রয়েছেন, যাদের বেশিরভাগই ২০২৫ সাল থেকে মারা গেছেন। এফটি-র তথ্যমতে, নাইজেরিয়া, ক্যামেরুন ও মিসর থেকে মোট ১২৭ জন নিহত হয়েছেন। নেপালিদের মৃত্যু ২০২৩ ও ২০২৪ সালে বেশি ঘটলেও কলম্বিয়ান, কেনিয়ান ও নাইজেরিয়ানদের মৃত্যু ২০২৫ সালের শেষভাগ থেকে বেড়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের ধারণা, ২০২৪ সালে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়া প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করেছিল, তবে ফাঁস হওয়া তথ্যে তাদের কোনো উল্লেখ নেই।
বিদেশিরা কেন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন?
মূলত অর্থের লোভে ও অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে বিদেশিরা এই যুদ্ধে জড়াচ্ছেন। ধারণা করা হয়, ১৩৬টি দেশের প্রায় ২৮ হাজার বিদেশি নাগরিক রুশ সেনাবাহিনীতে যুদ্ধ করছেন। গত বছরের নভেম্বরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, চার বছরের এই যুদ্ধে ৩৬টি আফ্রিকান দেশের নাগরিকরা রাশিয়ার হয়ে লড়ছেন।
গত সেপ্টেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ভালো বেতনের বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছে। স্থানীয় এজেন্ট ও ভুয়া অনলাইন চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রতারিত করা হয়।
দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি পোল্যান্ডে ট্রাকচালকের চাকরির জন্য অনলাইনে আবেদন করলে তাকে মস্কোয় যেতে বলা হয়। তার স্ত্রী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানান, মস্কোয় পৌঁছানোর পর তার সবকিছু কেড়ে নেওয়া হয় এবং জানানো হয় যে তাকে পোল্যান্ডে নয়, বরং সৈনিক হিসেবে যুদ্ধে পাঠানো হচ্ছে।
কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের মতে, দেশটির এক হাজারের বেশি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মাসে প্রায় দুই হাজার ৭১৫ ডলার বেতন এবং ৯ হাজার ৩০৯ ডলার পর্যন্ত বোনাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে রাশিয়া কাউকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এই পরিসংখ্যানের অর্থ কী?
বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে রাশিয়া তীব্র জনবল সংকটে ভুগছে। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, তথ্যের সীমাবদ্ধতার কারণে ফাঁস হওয়া এই সংখ্যায় রাশিয়ার প্রকৃত ক্ষয়ক্ষতি আরও কম করে দেখানো হয়েছে এবং গত জুলাই মাস থেকে রাশিয়ার নতুন সেনা নিয়োগের চেয়ে হতাহতের হার ছাড়িয়ে গেছে।
ইয়ানিস ক্লুজ ‘দ্য মস্কো টাইমস’-কে জানান, নিহতের এই সংখ্যা রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধ শতাংশ, যার অর্থনৈতিক প্রভাব খুব বেশি না হলেও রাজনৈতিক তাৎপর্য অনেক বড়। তিনি বলেন, ‘আপনি যদি এই হারে জনসংখ্যা হারাতে থাকেন, তবে কখনোই বলতে পারবেন না যে রাশিয়া এই যুদ্ধে জিতছে।’ফাইর ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :