শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রাশিয়ার তেল বিক্রির ওপর এবার নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০১:২০ পিএম

রাশিয়ার তেল বিক্রির ওপর এবার নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি ঠেকাতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের কারণে ক্রেমলিনকে চাপে রাখতে এসব কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াশিংটন তাদের কৌশলে পরিবর্তন আনছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, সমুদ্রে ভাসমান রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে ওয়াশিংটনের কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার ঝুঁকি ছাড়াই ভারত এই তেল কিনতে পারবে।
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তেলের দাম কমাতে তার প্রশাসন কিছু নিষেধাজ্ঞা মওকুফ করছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা সফল হলে রাশিয়ার ওপর থেকে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।
সমালোচনার মুখে হোয়াইট হাউস-রাশিয়ার ওপর থেকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার ঘটনায় মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এটি ভ্লাদিমির পুতিনকে বড় ধরনের আর্থিক সুবিধা দেওয়ার শামিল। তারা অভিযোগ করেছেন, রাশিয়ার ‘ছায়া নৌবহর’ বা অবৈধ তেলবাহী জাহাজগুলোর জন্য পথ পরিষ্কার করে দেওয়া এই মুহূর্তে মোটেও সঠিক সিদ্ধান্ত নয়।
পুতিনের জন্য নতুন সুযোগ-জ্বালানি বাজারের এই পরিবর্তন রাশিয়ার জন্য এক বড় স্বস্তি হয়ে এসেছে। ফেব্রুয়ারি মাসে রাশিয়ার তেল ও গ্যাস রাজস্ব গত বছরের তুলনায় ৪৪ শতাংশ কমে গিয়েছিল, যার ফলে তাদের জাতীয় সম্পদ তহবিলের ওপর নির্ভর করতে হচ্ছিল। পুতিন রুশ কর্মকর্তাদের জানিয়েছেন, বর্তমান উচ্চ মূল্যের সুযোগ নেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ইউরোপে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়ে তা এশিয়ার মতো ‘আরও আকর্ষণীয় গন্তব্যে’ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।
বৈশ্বিক প্রতিক্রিয়া-হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিতের অনুরোধ করলেও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এর বিরোধিতা করেছেন। মের্জ জানান, উচ্চ জ্বালানি মূল্য সহ্য করেও ইউক্রেনের সঙ্গে সংহতি বজায় রাখাই এখন বড় বিষয়।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্প্রতি এক ঘণ্টা ফোনালাপ হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!