শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, খামেনির দাফনের পর ফের বৈঠক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, খামেনির দাফনের পর ফের বৈঠক

ডেইলি খবর ডেস্ক: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুষ্ঠিত এই আলোচনায় সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ)–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর আবারও আলোচনায় বসবে উভয়পক্ষ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

মাজেদ আল-আনসারি আরও জানান, উভয় পক্ষ আগামী সময়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংগৃহীত ছবি
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!