মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ইরানের তেল-খারগ দ্বীপ এবার দখলের ইঙ্গিত ট্রাম্পের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৪১ এএম

ইরানের তেল-খারগ দ্বীপ এবার দখলের ইঙ্গিত ট্রাম্পের

ডেইলি খবর ডেস্ক:  ইরানের তেল ও খারগ দ্বীপ দখলের ইচ্ছার কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করতে পারে।
স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সত্যি বলতে, আমার পছন্দ হবে ইরানের তেল নিয়ে নেওয়া। তিনি এই সম্ভাব্য পদক্ষেপকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করেন এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে তেল শিল্প নিয়ন্ত্রণে রাখতে চায় বলেও উল্লেখ করেন। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।
ট্রাম্প জানান, খারগ দ্বীপ দখল করা হলে ইরানের অধিকাংশ তেল রপ্তানির পথ নিয়ন্ত্রণে আসবে। তবে এ ধরনের পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে যুদ্ধের সময় ও ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমরা খারগ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের অনেক বিকল্প রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে। পেন্টাগন প্রায় ১০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে, যাদের ভূমি দখল ও নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণ রয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার সেনা অঞ্চলটিতে পৌঁছেছে, যার মধ্যে মেরিন বাহিনীর সদস্যরাও রয়েছেন।
ট্রাম্প দাবি করেন, খারগ দ্বীপে ইরানের প্রতিরক্ষা খুব দুর্বল এবং যুক্তরাষ্ট্র চাইলে সহজেই এটি দখল করতে পারে।
অন্যদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের বেশি হয়েছে, যা এক মাসে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একটি নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং তা ‘ভালোভাবে এগোচ্ছে’। তিনি ৬ এপ্রিলের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে চাননি ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে কার্যত ‘শাসন পরিবর্তন’ হয়ে গেছে এবং নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি সম্পর্কে তিনি বলেন, তিনি হয়তো নিহত হয়েছেন বা গুরুতর আহত অবস্থায় আছেন। তবে তেহরান কর্তৃপক্ষ এসব দাবি নাকচ করে জানিয়েছে, দেশের নেতৃত্ব নিরাপদে রয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!