ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান উল্লেখযোগ্য ছাড়ের প্রস্তাব দিয়েছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র অনেক ব্যবধানে জিততে যাচ্ছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
বুধবার (২৪ জুন) ইউএস ক্যাপিটলে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুদ্ধ খুব ভালোভাবে চলছে। আপনারা জানেন, আমরা অনেক ব্যবধানে জিততে যাচ্ছি। ইরান অনেক বড় ছাড় দিচ্ছে।’‘দেখা যাক কী হয়—তবে এটি (চুক্তি) খুবই, খুবই, খুবই শক্তিশালী হয়েছে’, যোগ করেন ট্রাম্প।
গত সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেন। এর উদ্দেশ্য হলো ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া যুদ্ধ অবসানের পথ প্রশস্ত করা।
এ সমঝোতা স্মারক অনুসারে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান দুই মাস ধরে আলোচনা করবে, যা পরবর্তীতে বাড়ানো হতে পারে।
মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, সাময়িক বিরতি শেষে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে ইরান অন্তর্র্বতীকালীন চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলবে।
মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) খুব স্পষ্টভাবে বলেছেন ইরানকে তাদের (সমঝোতা স্মারকের) প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তারা তা করে, আমরা এগোব। আর যদি না করে, তাহলে এ ব্যাপারে কী করা যায়, সেজন্য প্রেসিডেন্টের হাতে বিভিন্ন বিকল্প থাকবে। আশা করি, তারা সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :