রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৮:৫৫ এএম

ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ফের ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ ও জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দেশটির সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনা ঘটছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এসব এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, তা ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেননি। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।

তবে রোববার (৮ নভেম্বর) ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টা করার সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। বিপ্লবী গার্ড বাহিনীর উল্লেখ করা এসব ঘটনার সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলে শোনা বিস্ফোরণের শব্দের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

জলপথটিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করেছে বলে দাবি করে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে দেশটি।

এর আগে শনিবার তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ওই দ্বীপে হামলা চালানোর কয়েক দিন পর বিস্ফোরণের এসব খবর সামনে এল। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের হামলা ছিল সীমিত পরিসরের এবং তা বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর অংশ ছিল না।

এদিকে, শনিবার সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে তাদের বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে তাদের একটি যুদ্ধবিমান থেকে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অচল হয়ে পড়ে জাহাজটি।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!