ডেইলি খবর ডেস্ক: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির বাসভবন গ্রেসি ম্যানশনে গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় সোমবার সেখানে দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে বাসভবনের লনে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। এ সময় তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ সবার নজর কাড়ে।
সোমবারের বৈঠকে ট্রাম্প, মামদানি, ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও মামদানির চিফ অব স্টাফ এল বিসগার্ড-চার্চ উপস্থিত ছিলেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার শরীরী ভাষাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। মামদানি বক্তৃতামঞ্চে কথা বলার সময় ট্রাম্প এক পাশে দাঁড়িয়ে ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি সস্নেহে মামদানির বাহুতে দুবার হাত রাখেন।
নদীতীরবর্তী ঐতিহাসিক এ বাসভবনে ৪৫ বছর আগে সর্বশেষ কোনো মার্কিন প্রেসিডেন্ট পা রেখেছিলেন। তারপর এটাই ছিল সেখানে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর। এর আগে ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান সেখানে এড কোচের সঙ্গে বৈঠক করেন।
আজ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ভাষণের আগে তাঁর গ্রেসি ম্যানশনে যাওয়া মেয়র মামদানির প্রতি ট্রাম্পের সম্মানেরই বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘জোহরান মামদানি নিউইয়র্কের দারুণ মেয়র হবেন। তার মধ্যে সম্ভাবনা রয়েছে। আমি অবশ্যই সেটি আশা করি। আমি নিউইয়র্কের ভালোটাই চাই। আমি দেশের ভালোটাই চাই... আমি চাই তিনি একজন দারুণ মেয়র হোন।’
মামদানি জানান, তাঁদের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। এতে সাশ্রয়ী আবাসন ও অভিবাসনের মতো বিষয়গুলো উঠে এসেছে। তবে তাঁদের মধ্যে মতবিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কেন তিনি ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন, জানতে চাইলে মামদানি বলেন, নিউইয়র্কবাসীর জন্য ‘কিছু করতে পারেন’ এমন যে কারও সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। কুইন্সের সানিসাইড ইয়ার্ডে শত শত নতুন আবাসন ইউনিট নির্মাণের বিষয়ে তাঁদের দুজনেরই আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মামদানি বলেন, নিউইয়র্কবাসীকে কীভাবে নিরাপদ রাখা যায়, অভিবাসী নিউইয়র্কবাসীদের কীভাবে নিরাপদ রাখা যায়—এসব বিষয়ে আমি আমার দৃঢ় মতামত জানিয়েছি। পাশাপাশি, অভিবাসী নিউইয়র্কবাসী, বিশেষ করে হাইতিয়ান নিউইয়র্কবাসীরা শুধু আমাদের শহরের সামাজিক কাঠামোর জন্যই নয়, শহরের অর্থনীতির জন্যও কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছি। সংগৃহীত ছবি,সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :