বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে নেতানিয়াহুর, দাবি সাবেক উপদেষ্টার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১১:৪৭ এএম

ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে নেতানিয়াহুর, দাবি সাবেক উপদেষ্টার

ডেইলি খবর ডেস্ক: ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকোট দায়িত্ব নিতে পারেন, এমন সম্ভাবনায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে বলে দাবি করেছেন তার সাবেক উপদেষ্টা নির হেফেৎজ। মঙ্গলবার (১০ নভেম্বর) ১০৩এফএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হেফেৎজ বলেন, ‘নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আতঙ্ক বড় একটি বিষয়। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ দেখতে পাই।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে হেফেৎজ বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ারের কাছ থেকে জরুরি ফোনকল আসা ছিল নিয়মিত ঘটনা।

তিনি বলেন, ‘প্রতি পাঁচ সেকেন্ডে জরুরি ফোনকল আসত।’ পরিস্থিতির পরিবর্তনে নেতানিয়াহুর ঘনিষ্ঠজন কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তা বোঝাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

হেফেৎজের ধারণা, এসব ব্যক্তির মধ্যে কার্যালয়ে থাকা প্রতিনিধিরা কিংবা নেসেটের স্পিকার আমির ওহানার মতো ব্যক্তিরাও থাকতে পারেন।

তিনি বলেন, ‘আপনি যদি দেয়ালের আড়ালে থাকা একটি মাছিও হতেন, তাহলেও নিজের চোখে আতঙ্ক দেখতে পেতেন। ব্যক্তিগত অবস্থান ঝুঁকিতে পড়লে নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা নতুন নয়। নিজের স্বার্থের প্রশ্ন এলে এটি তার নিয়মিত আচরণের অংশ।’

প্রধানমন্ত্রীর পদ হারানোর সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হেফেৎজ বলেন, বিরোধী দলে চলে যাওয়া নেতানিয়াহু ও তার পরিবারের জন্য বেশ কঠিন হবে।

তিনি বলেন, ‘বাড়িতে তার জীবন সহজ হবে না, এটুকু বলাই যথেষ্ট। ভুলে গেলে চলবে না, বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া সম্মান তিনি খুব পছন্দ করেন।’

হেফেৎজ প্রশ্ন তোলেন, ‘তিনি কি বিরোধী দলে বসে থাকবেন? আইজেনকোটকে বহর নিয়ে চলতে, হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় যেতে এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’-এ উড়তে দেখবেন?’

নেতানিয়াহু, সারা ও ইয়ারকে নিয়ে গঠিত এই ‘ত্রয়ী’ এমন পরিস্থিতিতে ভেঙে পড়বে বলেও দাবি করেন তিনি। তার মতে, ‘তাদের জন্য এটি গাজায় মানুষ অপহৃত হওয়ার চেয়েও ভয়াবহ হবে।’

জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান প্রসঙ্গে হেফেৎজ বলেন, আইজেনকোট সরকার গঠনের দিকে যত এগোবেন, নেতানিয়াহু ততই সমঝোতায় অনিচ্ছুক হয়ে উঠতে পারেন। তবে আইজেনকোটকে ঠেকাতে তিনি শেষ পর্যন্ত আরও কিছু রাজনৈতিক ছাড়ও দিতে পারেন।

হেফেৎজের মতে, নেতানিয়াহুর বড় লক্ষ্য হতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক জোট অক্ষুণ্ন রাখা, বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে তার সম্পর্ক।

তিনি বলেন, ‘আরব দলগুলোকে হিসাবের বাইরে রাখলে কট্টর ইহুদি দলগুলো কোনো একটি পক্ষের সঙ্গে না গেলে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২০১৫ সাল থেকে এ ব্যবস্থাই তাকে ক্ষমতায় নিরাপদ রেখেছে। এ কারণেই তার প্রথম পদক্ষেপ ছিল আরব দলগুলোকে রাজনৈতিক সমীকরণ থেকে সরিয়ে দেওয়া।’

হেফেৎজের ধারণা, আইজেনকোটের সঙ্গে ঐক্যের সরকার নিয়ে আলোচনা শুরু করাও নেতানিয়াহুর স্বার্থে কাজে আসতে পারে। এতে বিকল্প সরকার গঠনের প্রক্রিয়া ধীর হয়ে যাবে।

তিনি বলেন, ‘আইজেনকোট তার সঙ্গে ঐক্যের সরকার নিয়ে আলোচনায় বসার সঙ্গে সঙ্গেই বিষয়টি আর ততটা জরুরি থাকে না। তবে তার আগে তাকে এই তুষারগোলকের মতো বেড়ে চলা পরিস্থিতি থামাতে হবে।’

আলোচনার অংশ হিসেবে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাবও আসতে পারে বলে জানান হেফেৎজ। এর মধ্যে ‘ফরাসি আইন’-এর আদলে কোনো আইন প্রণয়নের বিষয় থাকতে পারে, যার মাধ্যমে বিকল্প প্রধানমন্ত্রীর জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

হেফেৎজের মতে, ‘নেতানিয়াহু বিষয়টি ভালো করেই জানেন যে, আইজেনকোট তাকে ভয় পান না। আর নেতানিয়াহুও জানেন, আইজেনকোটের সঙ্গে তিনি ইচ্ছামতো কিছু করতে পারবেন না।’

নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ হারালে তার চলমান দুর্নীতির মামলায় কী প্রভাব পড়তে পারে, সে বিষয়েও কথা বলেন হেফেৎজ। তার মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকায় আদালতে হাজিরার সময়সূচি নির্ধারণে নেতানিয়াহু কিছুটা সুবিধা পেয়ে আসছেন। বিরোধী দলে চলে গেলে আদালত তার হাজিরার বিষয়ে আরও কঠোর হতে পারেন।

হেফেৎজ বলেন, ‘তার জীবন কতটা বদলে যাবে, তা কি ভেবে দেখেছেন? জেলা আদালতের বিচারকদের বেঞ্চ, যারা আমিত হাদাদকে বিচারপ্রক্রিয়া পরিচালনার সুযোগ দিচ্ছেন, তারা তাকে বলবেন, “আপনাকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। বিচারকেরা তখন নিয়ন্ত্রণ নেবেন, আর তাকে দিনের পর দিন আদালতে বসে থাকতে হবে।’ফাইল ছবি, সূত্র : জেরুজালেম পোস্ট

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!