আন্তর্জাতিক ডেস্ক: চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, একটি বৈঠক হবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে। ’
তিনি জানান, সম্ভাব্য বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়েও কথা বলবেন তারা।
ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণও রয়েছে। আমরা ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টা করছি এবং এতে ভালো অগ্রগতি হচ্ছে। কারণ, আমরা দেশটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলছি।’
এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন পদক্ষেপ ‘অপারেশন আয়রন গেট’ চালুর কথাও জানান ট্রাম্প। তার দাবি, এই অভিযানের লক্ষ্য ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা।
ট্রাম্প বলেন, ‘এর অর্থ স্থলপথে আর কিছুই প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন, নৌ অবরোধের কারণে জলপথেও কিছু প্রবেশ করতে পারছে না।’
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডা। সংস্থাটির সদস্যদেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :