রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী সুপারট্যাংকারে আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ১২:০৬ পিএম

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী সুপারট্যাংকারে আগুন

ডেইলি খবর ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নেভি এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাহাজটি তার নেভিগেশন ও রাডার ব্যবস্থা বন্ধ করে নৌপথটি অতিক্রম করার চেষ্টা করছিল।’ আইআরজিসি নেভি ট্যাংকারটিকে ‘নিয়মভঙ্গকারী’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেছে, জাহাজটি মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষাবলয়ের সুযোগ নিয়ে বেআইনিভাবে পণ্য পরিবহনের চেষ্টা করছিল।

তবে প্রকাশিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির নাম, এর মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ ছাড়া বিস্ফোরণে হতাহতের সংখ্যা বা জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু উল্লেখ করেনি ইরানি কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে মুক্ত জাহাজ চলাচলের অধিকার নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই নতুন করে এই মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই কৌশলগত এই সামুদ্রিক রুটে বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হরমুজ প্রণালিতে এই বিস্ফোরণের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!