ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পালটাপালটি হামলা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার। তার মতে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে ভুল হিসাব-নিকাশের ঝুঁকি রয়েছে এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগনিয়ার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ‘চোখের বদলে চোখ’ ধরনের প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতা এমন এক অস্থির পরিবেশ তৈরি করেছে, যেখানে কোনো স্থিতিশীল রাজনৈতিক সমাধান এখনো দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। শান্তি প্রতিষ্ঠা এখনও অনেক দূরের বিষয়। বিশেষ করে লেবানন ও গাজা এখনো কোনো চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার আওতায় আসেনি।’
ম্যাগনিয়ারের মতে, বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সংঘাতের সঙ্গে জড়িত প্রতিটি পক্ষই মনে করছে তারা উত্তেজনার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে।
তিনি বলেন, ‘সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, প্রত্যেক পক্ষ বিশ্বাস করে যে তারা সংঘাতের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সংযম ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। আর যদি আলোচনা পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে বর্তমানে নিয়ন্ত্রিত বলে মনে হওয়া এই উত্তেজনা আরও বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে।’
ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক সময় একটি হামলাই এমন সীমারেখা অতিক্রম করে, যা সংঘাতকে দ্রুত অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যায়।তার ভাষায়, ‘ইতিহাস দেখিয়েছে, একটি হামলা যদি লাল রেখা অতিক্রম করে, তাহলে পাল্টাপাল্টি আঘাতের এই চক্র খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মার্কিন ও ইরানি সামরিক পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :