শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফের হামলা হলে ইউরোপজুড়ে এবার মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৮:৫০ এএম

ফের হামলা হলে ইউরোপজুড়ে এবার মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ডেইলি খবর ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা হামলার পরিধি বিস্তৃত করার ইঙ্গিত দিল দেশটি। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার জবাব দিতে গিয়ে ইরান আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোর মধ্যেই নিজেদের পাল্টা আঘাত সীমাবদ্ধ রাখবে না। রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেকোনো হামলা চালালে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। তিনি আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ব্যবহার করা হলে সেগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব দেশকেও তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

রেজায়ি বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বা কোনো পারমাণবিক উপাদানই ইরানের বাইরে হস্তান্তর করা হবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত আবার শুরু হওয়া ঠেকাতে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই রেজায়ির এ বক্তব্য সামনে এলো। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।সংগৃহীত ছবি,

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!