শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:২৭ এএম

রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত

ডেইলি খবর ডেস্ক: কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোয় গত বৃহস্পতিবার হাজার হাজার রোহিঙ্গা জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায় উদযাপন করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে।

তবে এই রায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার ঘরে ফেরার পথকে এখনই সুগম করছে না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলা গৃহযুদ্ধ তাদের প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে আছে।

আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিপুলসংখ্যক রোহিঙ্গার ভার বহন করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারে, যা এ সংকটের একমাত্র টেকসই সমাধান।

গতকাল শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘এটি কালই বা খুব দ্রুত হবে না। তবে এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমরা অন্যান্য সংস্থার সঙ্গে মিলে বহুপক্ষীয় চাপ সৃষ্টি করব।’ রায়ের পর এটিই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রথম সম্ভাব্য সময়সীমা।

বিশ্লেষকদের মতে, শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বছরের পর বছর ধরে চলা চেষ্টা ব্যর্থ হয়েছে। গণহত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার এখনই প্রত্যাবাসনে আগ্রহী হবে না। মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো বলেন, ‘রায়ে নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ থাকলেও বাস্তবে তা ঘটার সম্ভাবনা এখনও কম।’

এদিকে গতকাল মিয়ানমার সরকার দাবি করেছে, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।

রাখাইনে চলমান সংঘাত
২০১৭ সালে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এর ছয় বছর পর ২০২৩ সালের শেষ দিকে রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। এতে আরও মানুষ বাংলাদেশে পালিয়ে আসায় শরণার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানে রাখাইনের প্রায় পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। যেসব এলাকায় রোহিঙ্গাদের ফেরার কথা, সেগুলো এখন তাদের দখলে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ থাকা আরাকান আর্মি আইসিজের রায় নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে থাকা তিন লাখ আট হাজার ৭৯৭ জনকে তারা রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই কেবল প্রত্যাবাসন শুরু হবে। ২০১৭ সালের আগে মিয়ানমারে ১১ লাখ রোহিঙ্গা থাকলেও এখন রাখাইনে টিকে আছেন মাত্র ছয় লাখের মতো মানুষ। তাদের মধ্যে এক লাখ ৪০ হাজারই বাস্তুচ্যুত শিবিরে বন্দি জীবন কাটাচ্ছেন।

মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করে। রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের ফেরা সম্ভব নয়।’

বাংলাদেশের সামনে যত সুযোগ
সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশ রোহিঙ্গাদের দেশে কাজের অনুমতি দেয় না এবং দ্রুত তাদের প্রত্যাবাসন চায়। তবে অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল তাদের ফেরত পাঠানো হবে বলে ঢাকা বারবার জানিয়েছে।

এই রায় কূটনৈতিকভাবে ঢাকার অবস্থানকে শক্তিশালী করলেও নতুন কিছু জটিলতা তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘আদালত যে রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে, ঢাকাকে এখন সেই রাষ্ট্রের সঙ্গেই প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে।’

গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এই অবস্থানকে কাজে লাগিয়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে মিলে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ঢাকা বহুপক্ষীয় প্রচেষ্টা জোরদার করবে।

এদিকে, বাংলাদেশে রোহিঙ্গাদের ভরণপোষণের তহবিল নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মাত্র ৬৯ শতাংশ পাওয়া গেছে। অন্যদিকে, মালয়েশিয়াও স্থানীয়দের সঙ্গে উত্তেজনার জেরে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাইছে। গতকাল দেশটি জানিয়েছে, দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তারা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে।

কক্সবাজারের ঘিঞ্জি শিবিরে বসবাসরত ২৪ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ জুবায়েরের কাছে আইসিজের এই রায় নতুন প্রেরণা। তিনি বলেন, ‘এই মুহূর্তটি আমাকে নতুন শক্তি দিচ্ছে। আমাদের ওপর যা ঘটেছে বিশ্ব শুধু তার স্বীকৃতি দিক, এটা আমার একমাত্র স্বপ্ন নয়। আমার বড় স্বপ্ন হলো, যেদিন আমরা নিজেদের পৈতৃক ভিটায় স্বাধীনভাবে হাঁটতে পারব। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!