ডেইলি খবর ডেস্ক: চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন একগুচ্ছ বাণিজ্য শুল্কের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
আগামী বছর কার্যকর হতে যাওয়া এই শুল্ক সবচেয়ে বেশি আঘাত হানবে চীনের ওপর, যার ফলে দেশটির পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের মুখে পড়তে পারে। ওয়াশিংটন বলছে, বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ঘোষিত এই শুল্কগুলো হলো অন্যায্য বাণিজ্য চর্চার জবাব, যা মার্কিন উৎপাদন খাতের ক্ষতি করছে। এর মধ্যে রয়েছে ‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’র প্রসঙ্গটি অর্থাৎ এমন নীতিমালা যা উৎপাদনকারীদের চাহিদার অতিরিক্ত পণ্য তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রের চেয়ে কম দামে বাজারে ছাড়তে সক্ষম করে তোলে। স্বভাবতই যুক্তরাষ্ট্র এই নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাণিজ্য আলোচনায় দরকষাকষির হাতিয়ার হিসেবে শুল্ককে ব্যবহার করে আসছেন।
কোন কোন অর্থনীতি এই শুল্কের লক্ষ্যবস্তু এবং কবে থেকে তা শুরু হবে?
ইউএসটিআর-এর তথ্য অনুযায়ী, চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইইউ, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আসা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। প্রতিটি দেশের মুখোমুখি হওয়া সর্বোচ্চ শুল্কের হার ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।
ঠিক কবে নাগাদ এই শুল্ক কার্যকর হবে তা স্পষ্ট নয়, তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, খুব শিগগিরই অর্থাৎ আগামী জানুয়ারিতে তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র কেন বাণিজ্য শুল্ক আরোপ করছে?
ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অন্যান্য দেশ ও অর্থনীতির বিরুদ্ধে কয়েক দফা বাণিজ্য শুল্ক আরোপ করেছেন, এবং প্রতিবারই তার প্রশাসন এই নীতিগুলোর পক্ষে ভিন্ন ভিন্ন আইন ও যুক্তির অবতারণা করেছে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প প্রায় সব মার্কিন বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে ব্যাপক আমদানি শুল্ক আরোপ করেছিলেন, যা ‘লিবারেশন ডে’ শুল্ক নামে পরিচিত। তিনি বলেছিলেন, স্থানীয় উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা এমন অন্যায্য বাণিজ্য চর্চার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প একটি জরুরি ক্ষমতা আইনের অধীনে ওই শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেন।
এরপর জুলাইয়ে ওয়াশিংটন ৮০টিরও বেশি দেশের ওপর আরও শুল্ক আরোপের জন্য ভিন্ন একটি আইন—১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা উদ্ধৃত করে।
সর্বশেষ শুল্ক ঘোষণাতেও একই বাণিজ্য আইনের ৩০১ ধারার উল্লেখ করা হয়েছে, যা ওয়াশিংটনকে এমন দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয় যারা মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে অন্যায্য আচরণ করছে বলে প্রতীয়মান হয়। ওয়াশিংটন এটিকে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ (স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি) বলছে। এই বিষয়টির ওপর আট মাস ধরে চলা অনুসন্ধানের পর এই ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের অভিযোগ সুনির্দিষ্ট দেশের সরকারগুলো ভর্তুকি, কম মজুরি এবং অন্যান্য নীতির মাধ্যমে তাদের শিল্পগুলোকে অন্যায্য সুবিধা দেয় যার প্রভাব পড়ে মার্কিন বাজারে।
এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার ‘বাজার বিকৃতকারী চর্চা’ ব্যবহার করছে, যা বাণিজ্য ভারসাম্যকে তাদের অনুকূলে নিয়ে যায় এবং আমেরিকার উৎপাদন ভিত্তিকে ক্ষয়িষ্ণু করে তোলে।
আইএনজি থিঙ্ক-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ইঙ্গা ফেচনার লিখেছেন, ‘শুল্কের আইনি যৌক্তিকতা প্রতিনিয়ত পরিবর্তিত হলেও মার্কিন সংরক্ষণবাদী নীতি থেকে সরে আসা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।’এটি কি আসলেই যুক্তরাষ্ট্রের জন্য আরও ভালো বাণিজ্য চুক্তি নিশ্চিত করার কৌশল? লক্ষ্যবস্তু করা বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এটিই একটি বড় কারণ বলে মনে হচ্ছে।
এই শুল্কের ঘোষণা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র চীন, ভারত, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরসহ লক্ষ্যবস্তু করা বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে এবং প্রস্তাবিত কিছু শুল্কের হার সরাসরি সেই আলোচনার ফলাফলের সাথে যুক্ত রাখা হয়েছে।
বর্তমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির অধীনে নির্ধারিত সর্বোচ্চ সীমা মেনে চীনের শুল্ক ২০ শতাংশ বাড়ার কথা রয়েছে। তবে ইউএসটিআর-এর মতে, আগামী ১০ জানুয়ারি ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বাণিজ্য চুক্তি নিশ্চিত করার আলোচনা ব্যর্থ হলে এই হার দ্বিগুণ হয়ে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ভিয়েতনামও ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের আওতায় থাকবে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু সেই আলোচনা ভেস্তে গেলে দেশটির শুল্কের হার বেড়ে ৩৫ শতাংশে দাঁড়াবে।
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছালে ভারত ১৭ শতাংশ শুল্কের সম্মুখীন হবে, আর চুক্তি না হলে এই হার হবে ২৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালে সিঙ্গাপুর ১০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে, তবে চুক্তি না হলে এই হার হবে ২০ শতাংশ।
এ প্রসঙ্গে আটলান্টিক কাউন্সিলের জিওইকোনমিক্স সেন্টারের সহকারী পরিচালক ম্যাডেলিন চালেকি বলেন, যুক্তরাষ্ট্র মেক্সিকোর ওপরও চাপ প্রয়োগ করছে; ট্রাম্প সম্প্রতি বলেছেন যে, যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে। ইউএসটিআর-এর ‘অতিরিক্ত সক্ষমতা’ অনুসন্ধানের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে মেক্সিকো থাকলেও দেশটির ওপর এখনো নতুন কোনো শুল্ক আরোপ করা হয়নি।
আটলান্টিক কাউন্সিল চালেকিকে উদ্ধৃত করে বলেছে, অতিরিক্ত শুল্কের হুমকি স্বয়ং শুল্কের চেয়েও ভালো দরকষাকষির হাতিয়ার হতে পারে।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ল স্কুলের সহকারী অধ্যাপক মোনা পলসেন বলেন, শুল্কের বাইরে মার্কিন বাণিজ্য আলোচনা নিয়ে বড় উদ্বেগের বিষয় হলো—এগুলো শুরু থেকেই একটি অসম অনুশীলন কি না, যা দুই (বা ততোধিক) অংশীদারের সঙ্গে সহযোগিতার চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথেই বেশি সামঞ্জস্যপূর্ণ।
লক্ষ্যবস্তু করা দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে?
লক্ষ্যবস্তু করা কিছু দেশ বা জোট যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমালোচনা করেছে, আবার অন্যরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লুটের অভিযোগ এনে বলেন, “তথাকথিত `অতিরিক্ত উৎপাদন সক্ষমতা` একটি মিথ্যা ইস্যু।” বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং যুক্তরাষ্ট্রকে তাদের ভ্রান্ত চর্চা সংশোধন করার আহ্বান জানিয়ে বলেন, এর জবাবে ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের’ অধিকার বেইজিংয়ের রয়েছে।
সিঙ্গাপুরও নীতিটি পুনর্মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে হতাশা প্রকাশ করেছে।
ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যেকোনো বাণিজ্যিক উদ্বেগ চলমান বাণিজ্য আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।
ভিয়েতনাম জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে এবং ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ ইস্যুটি সমাধান ও বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত বিধিমালা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।
ইইউ-এর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ বলেছেন, তিনি মার্কিন শুল্ক পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন; তিনি আরও যোগ করেন, জোটটি থেকে আমদানিকৃত পণ্যের ওপর ওয়াশিংটন ইতিমধ্যেই যে ১৫ শতাংশ শুল্কের সীমায় সম্মত হয়েছে, তা অবশ্যই মেনে চলতে হবে।
আর কী কারণে ট্রাম্প এখন নতুন শুল্ক আরোপ করতে পারেন?
বেশ কয়েকজন বিশ্লেষক বলছেন, চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করে দেওয়া সত্ত্বেও তিনি একটি দীর্ঘমেয়াদী শুল্ক অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন।
আটলান্টিক কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জশ লিপস্কি এ বিষয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ ঘোষণাটি একটি ‘শুল্ক জাল’ বা ট্যারিফ ওয়েব তৈরির প্রচেষ্টা বলে মনে হচ্ছেযা এই প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরও টিকে থাকার উদ্দেশ্যে তৈরি।
জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গ্রেগরি শ্যাফার বলেন, ট্রাম্প কংগ্রেসের মুখোমুখি না হয়েই বিশ্বব্যাপী শুল্ক নির্ধারণের চেষ্টা করছেন।
আগামী বছরের কংগ্রেসে সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হতে যাওয়া ডেমোক্র্যাট মার্কিন সিনেটর রন ওয়াইডেন এই শুল্ক পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্পের অবৈধ বৈশ্বিক শুল্ক পুনর্গঠনের একটি ‘নির্লজ্জ প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।
রন ওয়াইডেন বলেন, ‘বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা একটি গুরুতর সমস্যা, তবে ট্রাম্পের একতরফা মূল্যবৃদ্ধিকারী শুল্ক এর সমাধান নয়।’ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :