শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শুধু যুক্তরাষ্ট্রে নয়, রপ্তানি কমতে পারে ইউরোপেও

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

এবার শুধু যুক্তরাষ্ট্রে নয়, রপ্তানি কমতে পারে ইউরোপেও

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নতুন করে শুল্ক-খড়্গ ভাবিয়ে তুলেছে বাংলাদেশের উদ্যোক্তাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নিয়মিত বিরতিতে শুল্ক কাঠামো পরিবর্তনের ঘটনা ঘটছে। এতে ব্র্যান্ড-ক্রেতাদের সঙ্গে রপ্তানি আদেশের আলোচনায় দরকষাকষিতে বিঘ্ন সৃষ্টি করছে।

দেশে গত প্রায় এক মাস ধরে মজুরি ইস্যুতে শ্রম অসন্তোষ চলছে। উৎপাদন ও রপ্তানি ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। নতুন রপ্তানি আদেশ কমেছে ৬০ শতাংশের মতো। এর মধ্যে ৩৬ থেকে ৪২ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ঘোষণার পরও কারখানায় স্বাভাবিক অবস্থা ফেরেনি। গতকাল বৃহস্পতিবারও শ্রম অসন্তোষে ৩০০ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব তৈরি পোশাকের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন শিল্প উদ্যোক্তারা।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সমকালকে বলেন, বাড়তি শুল্ক মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রে স্থানীয় ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমবে। কারণ, বাড়তি শুল্ক ধরেই পণ্যের দাম নির্ধারণ করা হয়। চাহিদা কমে যাওয়ার মানে দাঁড়াবে, রপ্তানি কমে যাবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক প্রধান রপ্তানি বাজার। তৈরি পোশাকের মোট রপ্তানি আয়ের ২০ থেকে ২২ শতাংশ আসে সেখান থেকে। সবচেয়ে বড় বাজারে যদি রপ্তানি কমে যায়, সেটা আর অন্য কোনো বাজারে রপ্তানি বাড়িয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। যদিও রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর শুল্কহারের প্রস্তাব আরও বেশি। তাদেরও রপ্তানি কমবে।

বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিযোগী দেশগুলোর বাজার সংকুচিত হওয়া বাংলাদেশের জন্য আরেক বিপদের কথা। কারণ, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমে গেলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন ইউরোপসহ অন্যান্য বাজারে মনোযোগ বাড়াবে। এই দেশগুলোর নিজস্ব কাঁচামাল থাকায় দর কমিয়ে আগ্রাসী বাণিজ্য বাড়াবে তারা। লিড টাইমের সুবিধাও আছে এই দেশগুলোর। এতে সেসব দেশেও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে বাংলাদেশকে। বিশেষ করে ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটগত প্রধান বাজারে বাংলাদেশের হিস্যা আরও কমে যেতে পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, বাড়তি শুল্কের পাশাপাশি শ্রম অসন্তোষ ও বাড়তি মজুরির চাপ প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে থাকা অবস্থানকে আরও নাজুক করে তুলবে। নতুন কাঠামোর সুপারিশ প্রকাশ করার পরও কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়নি। বৃহস্পতিবারও ৩০০ কারখানা বন্ধ রাখতে হয়েছে।

মাহমুদ হাসান খান বলেন, তবে নতুন শুল্ক কার্যকর হতে আরও দুই মাস বাকি। এ সময়ের মধ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনার সুযোগ আছে। যাতে ঘোষিত নতুন শুল্ককাঠামোর আওতা থেকে বাংলাদেশকে বাইরে রাখা হয়। সরকার সেই সুযোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুল্ক নিয়ে আলোচনায় যাবে ঢাকা

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ওয়াশিংটনের শুল্ক নিয়ে আলোচনায় যাবে ঢাকা। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম প্রধান বিষয় বাণিজ্যনীতি। শুল্ক চুক্তিগুলোকে তাঁর প্রশাসন গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে নিয়েছে।

তিনি বলেন, প্রস্তাবের কিছু বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশের কাছে যেসব বিষয় অযৌক্তিক মনে হচ্ছে, সেগুলো নিয়ে আপত্তি জানাবে সরকার। আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গণশুনানি রয়েছে।

মার্কিন তুলার উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পোশাক তৈরি করে। আবার সেই পোশাক দেশটির বাজারেই রপ্তানি করে। আলোচনায় এ বিষয়টিও তুলে ধরার সুযোগ রয়েছে। বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায় সরকার।

গণশুনানির নোটিশ ও পরবর্তী পদক্ষেপ

ইউএসটিআরের শুনানির নোটিশে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশ বিষয়ে তদন্ত পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের আগে অংশীজনের বক্তব্য শোনা হবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে মতামত দিতে চান, তাদের আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে হবে। এর পর ২৫ জানুয়ারি ইউএসটিআর কার্যালয়ে এ বিষয়ে গণশুনানি শুরু হবে।

বাংলাদেশ সরকার যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও বাণিজ্য চুক্তির মাধ্যমে এই অসংগতিগুলো দূর করতে পারে, তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক পুনর্মূল্যায়ন হতে পারে বলে নোটিশে জানিয়েছে দেশটি। অন্যথায় যুক্তরাষ্ট্রের বাজারে যে কোনো বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে পারে বলে সতর্ক করেছে।

কোন খাত নিয়ে কী অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউএসটিআরের পর্যালোচনায় দেখা যায়, তৈরি পোশাক খাতের কাঁচামালের ৮০ শতাংশেরই উৎস চীন। কৃত্রিম সুতা, ডাইং রাসায়নিক এবং তৈরি কাপড়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে চীনের ওপর নির্ভরশীল। ফলে চীনে উৎপাদিত সস্তা ও ভর্তুকিপ্রাপ্ত কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশে পোশাক তৈরি হচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

ইউএসটিআরের ৩০১ ধারার তদন্তে বাংলাদেশের সিমেন্ট শিল্প সম্পর্কে বেশ কিছু তথ্য ও পর্যবেক্ষণ স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ খাতে অপ্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে। ইউএসটিআর উল্লেখ করেছে, বাংলাদেশ সিমেন্ট রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা প্রদান করে। রাষ্ট্রীয় সহায়তায় এবং মুক্তবাজার অর্থনৈতিক চর্চা নেই– এমন দেশ থেকে কাঁচামাল এনে সিমেন্ট খাতের এই কৃত্রিম বিস্তার মার্কিন সিমেন্ট উৎপাদকদের বৈশ্বিক সুযোগ ও বাজার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্ভাবনাময় ক্ষেত্র চামড়া ও চামড়াজাত শিল্পের বিষয়েও ইউএসটিআর সতর্কবার্তা দিয়েছে। জুতা, ব্যাগ ও প্রক্রিয়াজাত চামড়া খাতে বাংলাদেশ যেভাবে প্রণোদনা দিচ্ছে, তা বিশ্ববাজারে অন্যান্য দেশের জন্য অসমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ দেশটির।

প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের মতো চামড়া খাতেও সরকার নগদ প্রণোদনা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিচ্ছে। এ ছাড়া চীন থেকে চামড়াশিল্পে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং কারখানা হস্তান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ। যুক্তরাষ্ট্র মনে করছে, চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বজায় রাখার জন্য বাংলাদেশকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা মার্কিন বাজারে একই জাতীয় পণ্যের দেশীয় সরবরাহকারীদের ক্ষতিগ্রস্ত করছে।

অন্যান্য শিল্প খাত

ইউএসটিআর ওষুধ ও কাঁচামাল রপ্তানিতে বাংলাদেশের ৬ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। ইউএসটিআরের মতে, সরকারের এই সহায়তা বিশ্ববাজারে ওষুধ রপ্তানিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিপরীতে অসম সুবিধা তৈরি করছে। সিরামিক পণ্য রপ্তানিতেও ৬ শতাংশ সরকারি নগদ সাহায্য দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক সিরামিক বাজারে মার্কিন প্রস্তুতকারকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ তাদের। ব্যাটারি রপ্তানিতে ১০ শতাংশ এবং বাইসাইকেল রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের মুক্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে দেশটি। বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হালকা প্রকৌশল খাতে চীনা যন্ত্রপাতির বিস্তার ঘটছে। সেলাই মেশিন, নিটিং মেশিনসহ মূলধনি যন্ত্রপাতির বৃহৎ অংশ চীন থেকে আমদানির কারণে মার্কিন যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বাজার হারাচ্ছে বলেও অভিযোগ ইউএসটিআরের।ছবি-এআই দিয়ে তৈরি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!