মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি : ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:৪০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি : ইরান

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ইরান। তেহরানের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ ধারাগুলোর বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।

আজ মঙ্গলবার (৩০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, আমরা এখনও চূড়ান্ত চুক্তির আলোচনার পর্যায়ে প্রবেশ করিনি।  

ইসমাইল বাঘাই জানান, ১৪ দফা সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে তখনই, যখন ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হবে এবং তা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।

বাঘাইয়ের ব্যাখ্যা অনুযায়ী, ১ নম্বর অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। ৪ নম্বর অনুচ্ছেদে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

এছাড়া ৫ নম্বর অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা বলা হয়েছে। ১০ নম্বর অনুচ্ছেদে ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি রয়েছে। আর ১১ নম্বর অনুচ্ছেদে বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদ ধাপে ধাপে অবমুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের এই বক্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, সমঝোতা স্মারকের মূল শর্তগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে পারমাণবিক কর্মসূচি বা স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।

বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারকের প্রাথমিক শর্ত বাস্তবায়নই এখন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এসব ধারা কার্যকর না হলে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির পথ আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!