ডেইলি খবর ডেস্ক: মিশরের বৃহত্তর কায়রো এলাকায় পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপরের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপরই এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকটির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গাড়ি ও একটি মিনিবাসও পুড়ে যায়। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
মিশরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন।দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :