রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ইরানের প্রতিনিধিরা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:০১ পিএম

সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ইরানের প্রতিনিধিরা

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আলোচনা শুরুর আগে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে শনিবার (২০ জুন) ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জেডি ভ্যান্স জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরান বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হবে।

এছাড়া আলোচনায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিরাও। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, আলোচনার আগে শনিবারই ইরানের আলোচক দল জুরিখে পৌঁছেছে। এছাড়া আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও অংশ নেবে এই আলোচনায়। দেশটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতা বাস্তবায়নে ইসলামাবাদ তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনায় অংশ নেয়া এক কূটনীতিক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের শান্তি আলোচনার প্রথম দিনের এজেন্ডায় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বৈঠকে বসার পর এটিই প্রথম আলোচ্য বিষয় হতে পারে। তবে এই আলোচনায় অংশ নিচ্ছে না ইসরায়েল, হিজবুল্লাহ এবং লেবানন সরকার। সংগৃহীত ছবি,সূত্র: আনাদোলু ও আল জাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!