শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কেনিয়ায় ছড়িয়ে পড়ছে এবার ইবোলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ১২:৩৮ পিএম

কেনিয়ায় ছড়িয়ে পড়ছে এবার ইবোলা

ডেইলি খবর ডেস্ক: আফ্রিকার দেশ কেনিয়ায় নতুন করে ইবোলাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) শনাক্ত হওয়া ৬৫ বছর বয়সী ওই নারী দেশটিতে আক্রান্ত প্রথম দুই রোগীর ঘনিষ্ঠ আত্মীয়। এ নিয়ে কেনিয়ায় ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা মহামারি আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী কেনিয়ায় নতুন শনাক্ত আতঙ্ক ছড়াচ্ছে।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী গত ৬ অক্টোবর থেকে কোয়ারেন্টিনে ছিলেন। তার জ্বর, গলাব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পর তাকে আলাদা করে রাখা হয় এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যায়েই তার শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি সহায়ক চিকিৎসা পাচ্ছেন, যা তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়াতে পারে।

কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে শনাক্ত হওয়া ইবোলার সংক্রমণ প্রতিবেশী কঙ্গোতে চলমান মহামারির সঙ্গে সম্পর্কিত। কঙ্গোতে এই প্রাদুর্ভাব ইবোলার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কেনিয়ায় প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন একজন পুরুষ। তিনি প্রায় এক মাস কঙ্গোতে অসুস্থ থাকার পর সড়কপথে উগান্ডায় যান। পরে ৩ অক্টোবর বিমানে নাইরোবিতে পৌঁছান। তার এক আত্মীয় তাকে হাসপাতালে নিয়ে যান। ৫ অক্টোবর সেখানে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

নতুন রোগী শনাক্তের পর কেনিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য আক্রান্তদের শনাক্তকরণ, কোয়ারেন্টিন ও চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংগৃহীত ছবি, সূত্র: রয়টার্স

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!